- ০৮ সেপ্টেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
জাতীয় সংসদে প্রবেশের সময় ‘জঙ্গি এমপি’ বলে সম্বোধনের অভিযোগ তুলে এর তদন্ত ও প্রতিকার চেয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমাদ (হানজালা)। একই অধিবেশনে এক ওয়াজ মাহফিলে নারী সংসদ সদস্যদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে বিচার দাবি করেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।
বৃহস্পতিবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হলে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এসব বিষয় উত্থাপন করেন তারা।
সাঈদ উদ্দিন আহমাদ বলেন, স্পিকারের সহধর্মিণীর জানাজায় অংশ নিতে ৩০ মার্চ সংসদে প্রবেশের সময় পেছন থেকে কেউ তাকে ‘জঙ্গি এমপি’ বলে সম্বোধন করেন। বিষয়টি পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা সৃষ্টি করেছে বলে তিনি জানান। এ ধরনের মন্তব্য সংসদের মর্যাদাকে ক্ষুণ্ন করেছে বলে উল্লেখ করেন তিনি।
তিনি ধারণা করেন, তার পোশাক—পাগড়ি ও সুন্নতি পাঞ্জাবি—দেখেই এমন মন্তব্য করা হয়ে থাকতে পারে। এ বিষয়ে সিসিটিভি ফুটেজ যাচাই করে দায়ীদের শনাক্ত করতে স্বরাষ্ট্রমন্ত্রী ও সংসদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার জন্য স্পিকারের কাছে অনুরোধ জানান তিনি।
এ বিষয়ে স্পিকার বলেন, ঘটনাটি দুঃখজনক এবং তিনি সংসদ সদস্যকে বিশেষ অধিকার প্রশ্নে নোটিশ দেওয়ার পরামর্শ দেন, যাতে বিষয়টি যথাযথভাবে বিবেচনা করা যায়।
অন্যদিকে, স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা অভিযোগ করেন, একটি ওয়াজ মাহফিলে তাকে এবং আরও একজন নারী সংসদ সদস্যকে নিয়ে এক সহকর্মী সংসদ সদস্য কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, যা অনভিপ্রেত ও নিন্দনীয়। তিনি এ বিষয়ে সংসদের হস্তক্ষেপ ও বিচার চান।
তবে স্পিকার জানান, সংবাদপত্রের প্রতিবেদনের ভিত্তিতে সরাসরি পয়েন্ট অব অর্ডার গ্রহণযোগ্য নয়। এ ধরনের বিষয়ে প্রয়োজন হলে আনুষ্ঠানিক নোটিশ দিতে হবে।
পরে চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, বিষয়টি তদন্তের জন্য সংসদীয় কমিটি রয়েছে এবং যথাযথ প্রক্রিয়ায় নোটিশ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্পিকার আরও উল্লেখ করেন, কোনো মানহানিকর বা অরুচিকর বক্তব্যের ক্ষেত্রে সংসদের নিজস্ব ক্ষমতা রয়েছে এবং নিয়ম অনুযায়ী পদক্ষেপ নেওয়া সম্ভব।