- ০৩ এপ্রিল, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে বিএনপির বক্তব্য ও কার্যক্রমের মধ্যে মিল নেই বলে অভিযোগ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পল্টনে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। ‘ছাত্র-জনতার আন্দোলনের অর্জন জুলাই সনদ বাস্তবায়নে বিলম্ব এবং গণভোট অধ্যাদেশ বাতিলের প্রচেষ্টার প্রতিবাদে’ এ কর্মসূচির আয়োজন করে এবি পার্টি।
সমাবেশে মজিবুর রহমান মঞ্জু বলেন, জুলাই সনদের বাস্তবায়ন হলে সাম্প্রতিক আন্দোলনের সাফল্য আংশিকভাবে প্রতিফলিত হবে, অন্যথায় এই অর্জন প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে। তিনি অভিযোগ করেন, গণভোট ও জুলাই সনদ ঘিরে যে ধরনের অনিশ্চয়তা ও বিতর্ক তৈরি করা হচ্ছে, তা হতাশাজনক।
তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক ইতিহাসে গণআন্দোলনই পরিবর্তনের মূল চালিকা শক্তি। তাই জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি হলে রাজপথে আন্দোলনের বিকল্প থাকবে না।
সমাবেশে এবি পার্টির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান ওহাব মিনার বলেন, জুলাই সনদ নিয়ে কোনো ধরনের বিলম্ব বা টালবাহানা মেনে নেওয়া হবে না। তিনি বিএনপিসহ সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোকে এ বিষয়ে সুস্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানান।
এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসাইন, যোবায়ের আহমেদ ভূঁইয়া, আবদুল্লাহ আল মামুন রানা, এ বি এম খালিদ হাসানসহ আরও অনেকে।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পল্টনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।