Friday, April 3, 2026

সুবর্ণচরে পানির ট্যাংকে লুকানো ৭৫০ লিটার ডিজেল জব্দ


ছবিঃ পানির ট্যাংকে লুকানো ৭৫০ লিটার ডিজেল জব্দ (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। নোয়াখালী

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নে একটি বসতবাড়ির ছাদের পানির ট্যাংকে অবৈধভাবে মজুত রাখা ৭৫০ লিটার ডিজেল উদ্ধার করেছে প্রশাসন। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান।

অভিযানকালে বসির সারেং ওরফে বসু সেরাংয়ের বাড়ির ছাদের পানির ট্যাংকে বিপুল পরিমাণ ডিজেল মজুত থাকার প্রমাণ পাওয়া যায়। সাধারণত পানির জন্য ব্যবহৃত ট্যাংকে এভাবে দাহ্য পদার্থ সংরক্ষণ করায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, কিছুদিন ধরে গোপনে ওই ট্যাংকে জ্বালানি তেল রাখা হচ্ছিল। বিষয়টি প্রকাশ্যে আসার পর জনবসতিপূর্ণ এলাকায় এমন ঝুঁকিপূর্ণ মজুত নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে এই তেল সংরক্ষণ করা হয়েছিল।

উপজেলা প্রশাসন জানায়, উদ্ধার করা ডিজেল বাজেয়াপ্ত করে চর হাসান ভূইয়ার হাট বাজারে লাইসেন্সধারী ব্যবসায়ীর কাছে ডিপো মূল্যে তাৎক্ষণিক নিলামে বিক্রি করা হয়েছে।

পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী অবৈধভাবে দাহ্য পদার্থ মজুতের দায়ে অভিযুক্ত বসু সেরাংকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়, যা ঘটনাস্থলেই আদায় করা হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন