- ০৩ এপ্রিল, ২০২৬
PNN নিউজ ডেস্ক। টাঙ্গাইল
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, দীর্ঘ ১৭ বছর ধরে উন্নয়নের নানা প্রতিশ্রুতি শোনা গেলেও বাস্তবে তার প্রতিফলন তেমনভাবে দেখা যায়নি। মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে প্রকৃত পরিস্থিতি এখন স্পষ্ট হয়ে উঠছে।
শুক্রবার (৩ এপ্রিল) সকালে টাঙ্গাইল শহরের ঐতিহ্যবাহী মাহমুদুল হাসান চাঁদ বাজার পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, টাঙ্গাইলের পার্ক বাজারসহ গুরুত্বপূর্ণ বাজার ও সড়ক অবকাঠামো উন্নয়নে ইতোমধ্যে সংশ্লিষ্ট জেলা স্থানীয় সরকার বিভাগের সঙ্গে আলোচনা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এসব উন্নয়ন কার্যক্রম শুরু করা হবে বলে তিনি আশ্বাস দেন।
জ্বালানি পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, দেশে তেলের কোনো ঘাটতি নেই এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। সরকার আগাম তিন মাসের জন্য পরিকল্পনা গ্রহণ করেছে, যাতে জ্বালানি সরবরাহে কোনো সমস্যা না হয়। পাশাপাশি জ্বালানি সাশ্রয়ের জন্য কিছু নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সন্ধ্যা ৬টার মধ্যে বাজার বন্ধ রাখা এবং মন্ত্রী ও সচিবদের ব্যয় ৩০ শতাংশ কমানো।
এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আলম রাশেদ, শফিকুর রহমান খান শফিকসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।