- ০৩ এপ্রিল, ২০২৬
PNN নিউজ ডেস্ক। সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় একটি যাত্রীবাহী বাস উল্টে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার (৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে হাটিকুমরুল-ঢাকা মহাসড়কের নলকা গ্যাস অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন—রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা এলাকার রাখি বেগম এবং নওগাঁর বদলগাছি উপজেলার রাকিবুল ইসলাম। অপর নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ জানায়, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস নলকা এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে বাসটি সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং বেশ কয়েকজন যাত্রী আহত হন।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরানোর কাজ চলছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়দের দাবি, মহাসড়কের এই অংশে দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা জরুরি।