- ০২ এপ্রিল, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
আগামী ২১ এপ্রিল থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। পরীক্ষা সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করার জন্য ঢাকা শিক্ষা বোর্ড কেন্দ্রসচিবদেরকে বিস্তারিত নির্দেশনা জারি করেছে।
পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, অনিয়মিত পরীক্ষার্থীরা ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী এবং নিয়মিত পরীক্ষার্থীরা ২০২৬ সালের সিলেবাস অনুযায়ী পরীক্ষা দেবে। প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে। প্রশ্নপত্র এবং উত্তরপত্র যথাযথভাবে নিরাপদ প্যাকেটিং এবং সিকিউরিটি খামে রাখা হবে।
কেন্দ্রসচিবদের কাছে নির্দেশনা দেওয়া হয়েছে, পরীক্ষা শুরুর আগে প্রশ্নপত্র যাচাই, কেন্দ্রের তল্লাশি, পরীক্ষার্থীদের প্রবেশ এবং সিটের বণ্টন সহ প্রতিটি প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করতে হবে। মোবাইল ফোন বা অন্য ইলেকট্রনিক ডিভাইস কেন্দ্রের ভেতরে প্রবেশ করা যাবে না। এছাড়া প্রতি কক্ষে পর্যবেক্ষক রাখা, নকল প্রতিরোধমূলক পোস্টার প্রদর্শন এবং শিক্ষার্থীদের প্রবেশপত্র যাচাই করাও বাধ্যতামূলক করা হয়েছে।
পরীক্ষা চলাকালীন স্কুলের সকল ক্লাস বন্ধ থাকবে। নতুন ও পুরাতন সিলেবাসের উত্তরপত্র আলাদা প্যাকেট করতে হবে এবং কোনো প্রকার ত্রুটি থাকলে কেন্দ্রসচিব দায়ী থাকবেন। পুলিশের উপস্থিতি এবং ট্যাগ অফিসারের সহযোগিতায় প্রশ্নপত্র পরিবহন ও খোলার নির্দেশ দেওয়া হয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, এই নির্দেশনার মাধ্যমে পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও ন্যায্যভাবে সম্পন্ন হবে এবং শিক্ষার্থীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।