Thursday, April 2, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাক্ষাৎ, সমস্যা সমাধানের আশ্বাস


ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা কমিটির নেতারা বৃহস্পতিবার সচিবালয়ে সাক্ষাৎ করেছেন (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা কমিটির নেতারা বৃহস্পতিবার সচিবালয়ে সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সাক্ষাৎকালে নেতারা তাদের বিভিন্ন সমস্যা ও উদ্বেগ প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন।

সাক্ষাৎকালে স্থানীয় সরকারমন্ত্রী, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বিজন কান্তি সরকারসহ অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, মহানগর সর্বজনীন পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব এবং সাধারণ সম্পাদক তাপস চন্দ্র পালসহ হিন্দু সম্প্রদায়ের নেতারা বৈঠকে অংশ নেন। এছাড়া অ্যাডভোকট সুব্রত চৌধুরী ও তপন মজুমদারও উপস্থিত ছিলেন।

বৈঠকের পর জয়ন্ত কুমার দেব সাংবাদিকদের জানান, “প্রধানমন্ত্রী আমাদের সমস্যাগুলো মনোযোগ সহকারে শুনেছেন এবং পর্যায়ক্রমে তা সমাধানের আশ্বাস দিয়েছেন। ২৪ সালের ৫ আগস্টের পর সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যে নিপীড়ন এবং বিচারবঞ্চনার ঘটনা ঘটেছে, আমরা সেটিও প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেছি। এছাড়া সংখ্যালঘু কমিশন, সংখ্যালঘু সুরক্ষা আইন, হিন্দু ফাউন্ডেশন এবং দেবোত্তর সম্পত্তি সংক্রান্ত বিষয়গুলোও আলোচ্য হয়েছে।”

সন্তোষ শর্মা বলেন, “আমাদের সমস্যাগুলো প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়েছে। তিনি আশ্বস্ত করেছেন যে এগুলো ধাপে ধাপে সমাধান করা হবে।”

এ ধরনের বৈঠক সম্প্রদায় বিশেষ করে সংখ্যালঘুদের অধিকার সুরক্ষার দিক থেকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন