Sunday, September 20, 2026

সংকটের মধ্যেও ঈশ্বরদী ইপিজেডে রপ্তানি বেড়েছে ১২ শতাংশ


ছবিঃ গ্যাস-বিদ্যুৎ সংকটেও ঈশ্বরদী ইপিজেডে রপ্তানি আয় বেড়েছে (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঈশ্বরদী

দেশের শিল্প খাতে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের সংকটের প্রভাব থাকলেও রপ্তানিতে ধারাবাহিক প্রবৃদ্ধি ধরে রেখেছে পাবনার ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড)। সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে এ ইপিজেড থেকে ২৮৯ দশমিক ৩২ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য বিদেশে রপ্তানি হয়েছে, যা আগের অর্থবছরের তুলনায় ৩১ দশমিক ৭ মিলিয়ন ডলারের বেশি। প্রবৃদ্ধির হার ১২ শতাংশেরও বেশি।

পাকশীতে পদ্মা নদীর তীরে গড়ে ওঠা এই শিল্পাঞ্চলে তৈরি পোশাকের পাশাপাশি বিভিন্ন ধরনের বহুমুখী পণ্য উৎপাদন হচ্ছে। তাঁবু ও ক্যাম্পিং সামগ্রী, উইগ, ব্যাটারি, শিল্পকারখানায় ব্যবহৃত গ্লাভস, বুলেটপ্রুফ জ্যাকেট, রাসায়নিক পণ্য, গাড়ির যন্ত্রাংশ, বস্ত্র, সুতা ও রাবারজাত পণ্য তৈরি হচ্ছে এখানকার কারখানাগুলোতে।

সংশ্লিষ্টরা বলছেন, পণ্যের এই বৈচিত্র্যই ঈশ্বরদী ইপিজেডের রপ্তানি সক্ষমতা ধরে রাখার অন্যতম কারণ। একই সঙ্গে উত্তর ও পশ্চিমাঞ্চলে নতুন শিল্প স্থাপন, বিনিয়োগ এবং কর্মসংস্থান তৈরিতেও ইপিজেডটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ঈশ্বরদী ইপিজেডের ব্যবস্থাপক এ বি এম শহিদুল ইসলাম বলেন, বর্তমানে ইপিজেডের কারখানাগুলোতে উৎপাদন ও রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তবে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা গেলে নতুন বিনিয়োগ আরও বাড়ার সুযোগ রয়েছে।

তিনি জানান, সম্প্রতি চীনের তিনটি শিল্পপ্রতিষ্ঠান ইপিজেডে তিনটি টেক্সটাইল কারখানা স্থাপনের জন্য আবেদন করেছে। এসব কারখানা উৎপাদনে গেলে কয়েক হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।

এ ছাড়া ঈশ্বরদী বিমানবন্দর পুনরায় চালু করা গেলে এই শিল্পাঞ্চলে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ আরও বাড়বে বলে মনে করেন তিনি।

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) জনসংযোগ বিভাগের নির্বাহী পরিচালক এ কে এম আনোয়ার পারভেজ বলেন, উত্তর ও পশ্চিমাঞ্চলের শিল্পায়ন ও কর্মসংস্থানে ঈশ্বরদী ইপিজেডের ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রচলিত তৈরি পোশাকের পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন হওয়ায় দেশের রপ্তানি ঝুড়িতে বৈচিত্র্যও বাড়ছে।

বেপজা সূত্রে জানা গেছে, দেশের আটটি ইপিজেডের মধ্যে মোট রপ্তানি আয়ের হিসাবে ঈশ্বরদী ইপিজেডের অবস্থান সপ্তম। এখানেই রয়েছে দেশের প্রথম লিড প্লাটিনাম সনদপ্রাপ্ত সবুজ কারখানা ‘ভিনটেজ ডেনিম স্টুডিও’। পরিবেশবান্ধব শিল্প স্থাপনা, যোগাযোগব্যবস্থা, দক্ষ শ্রমিক এবং তুলনামূলক নিরাপদ কর্মপরিবেশ বিনিয়োগকারীদের আকৃষ্ট করছে বলে সংশ্লিষ্টদের দাবি।

ঈশ্বরদী ইপিজেডের যাত্রা শুরু হয় ২০০১ সালে। এর আগে ১৯৯৬ সালে পাকশীর পদ্মা নদীর তীরে ৩০৮ দশমিক ৯৭ একর জমিতে ইপিজেড নির্মাণের কাজ শুরু হয়। ২০০১ সালের ১৩ জানুয়ারি আনুষ্ঠানিক উদ্বোধনের পর সেখানে উৎপাদন ও রপ্তানি কার্যক্রম শুরু হয়।

ইপিজেডের ৩২৪টি প্লটই ইতোমধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে। বর্তমানে ২৭টি কারখানা উৎপাদনে রয়েছে, আর আরও ৯টি কারখানা বাস্তবায়নাধীন। এসব প্রতিষ্ঠানের বড় একটি অংশ বিদেশি বিনিয়োগে গড়ে উঠেছে।

এখানে সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন, দেশি-বিদেশি যৌথ এবং সম্পূর্ণ দেশি—এই তিন ধরনের বিনিয়োগ রয়েছে। সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের সংখ্যা ১১টি। চীন, হংকং, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ভারত, কানাডা ও মার্শাল আইল্যান্ডসহ বিভিন্ন দেশের বিনিয়োগ রয়েছে ইপিজেডটিতে।

কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম সচল রাখতে ইপিজেডের নিজস্ব বিদ্যুৎ উপকেন্দ্র রয়েছে। পাশাপাশি পানি ও গ্যাস সরবরাহের ব্যবস্থাও রয়েছে।

বর্তমানে ঈশ্বরদী ইপিজেডের কারখানাগুলোতে ২০ হাজার ৯২৯ জন শ্রমিক কাজ করছেন। তাঁদের মধ্যে নারী শ্রমিক ১৪ হাজার ৫৩৪ জন এবং পুরুষ ৬ হাজার ৩৯৫ জন। এ ছাড়া ৮৫ জন বিদেশি কর্মী রয়েছেন।

ইপিজেডকে কেন্দ্র করে আশপাশের এলাকায়ও গড়ে উঠেছে নানা ধরনের ব্যবসা ও সেবামূলক প্রতিষ্ঠান। ফলে সরাসরি কর্মসংস্থানের বাইরে স্থানীয় পরিবহন, আবাসন, খাবার, দোকানপাটসহ বিভিন্ন খাতে মানুষের আয়ের সুযোগ তৈরি হয়েছে।

বেপজার তথ্য অনুযায়ী, ঈশ্বরদী ইপিজেড থেকে ২০২১-২২ অর্থবছরে ২০৯ দশমিক ৬ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়েছিল। পরের অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় ২১১ দশমিক ৭৫ মিলিয়ন ডলারে।

২০২৩-২৪ অর্থবছরে রপ্তানি আয় আরও বেড়ে ২১৭ দশমিক ৭৫ মিলিয়ন ডলারে পৌঁছায়। ২০২৪-২৫ অর্থবছরে তা হয় ২৫৮ দশমিক ২৫ মিলিয়ন ডলার। সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে রপ্তানি হয়েছে ২৮৯ দশমিক ৩২ মিলিয়ন ডলারের পণ্য।

অর্থাৎ পাঁচ বছরের ব্যবধানে ইপিজেডটির বার্ষিক রপ্তানি আয় প্রায় ৮০ মিলিয়ন ডলার বেড়েছে। বিনিয়োগ, উৎপাদন ও কর্মসংস্থানের এই ধারাবাহিকতা ধরে রাখতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ এবং নতুন বিনিয়োগের পরিবেশ আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন