- ০৮ জুলাই, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে ভারত-ইংল্যান্ড তৃতীয় টি-টোয়েন্টিতে দারুণ আধিপত্য দেখিয়েছে স্বাগতিকরা। প্রথমে ব্যাট হাতে ফিল সল্ট ও স্যাম কারানের ঝোড়ো ব্যাটিং, এরপর বোলারদের বিধ্বংসী পারফরম্যান্সে বড় জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। ২০১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৭৬ রানে গুটিয়ে যায় ভারতীয় ইনিংস।
মঙ্গলবার (৭ জুলাই) অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। তবে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করে স্বাগতিকরা। ওপেনিং জুটিতে ফিল সল্ট ও অধিনায়ক জস বাটলার যোগ করেন ৪৩ রান। বাটলার ২১ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৩৬ রান করে ফিরে গেলেও অপর প্রান্তে ঝড় অব্যাহত রাখেন সল্ট।
সল্ট খেলেন ৪৪ বলে ৭০ রানের দুর্দান্ত ইনিংস। তার ব্যাট থেকে আসে ৭টি চার ও ৩টি ছক্কা। এরপর ইংল্যান্ডের মাঝের সারিতে কিছুটা ধস নামলেও দলের হাল ধরে রাখেন স্যাম কারান। শেষ পর্যন্ত অপরাজিত থেকে ২৪ বলে ৪১ রান করেন তিনি।
কারানের সঙ্গে দ্রুত রান যোগ করেন উইল জ্যাকস। তিনি ৭ বলে ১৪ রান করেন। শেষ দিকে জোফরা আর্চারের ছোট কিন্তু কার্যকর ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০১ রানের বড় সংগ্রহ দাঁড় করায় ইংল্যান্ড।
ভারতের হয়ে বল হাতে প্রিন্স যাদব সবচেয়ে সফল ছিলেন। ৪ ওভারে ৩০ রান দিয়ে তিনি নেন ২ উইকেট। হারশিত রানাও দুটি উইকেট শিকার করেন। এছাড়া অক্ষর প্যাটেল একটি উইকেট পেলেও ইংল্যান্ডের ব্যাটিং আক্রমণ থামাতে পারেননি ভারতীয় বোলাররা। অক্ষর ৪ ওভারে ৪৯ রান এবং বরুণ চক্রবর্তী ৩ ওভারে ৩৫ রান খরচ করেন।
২০২ রানের কঠিন লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপাকে পড়ে ভারত। ইংল্যান্ডের পেস আক্রমণের সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। পাওয়ারপ্লের মধ্যেই বড় ধাক্কা খায় ভারতের ব্যাটিং লাইনআপ।
অভিষেক শর্মা ১০, বৈভব সূর্যবংশী ১৩, ইশান কিষান ১৩ এবং অধিনায়ক শ্রেয়াস আইয়ার ৫ রান করে ফিরে যান। এরপর আর কোনো ব্যাটারই প্রতিরোধ গড়তে পারেননি। শেষ পর্যন্ত মাত্র ১১.৪ ওভারেই ৭৬ রানে অলআউট হয় ভারত।
ইংল্যান্ডের হয়ে বোলিংয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন জশ টাং। ৪ ওভারে ২৮ রান দিয়ে তিনি তুলে নেন ৪টি উইকেট। জোফরা আর্চার ৩টি এবং আদিল রশিদ ২টি উইকেট নিয়ে ভারতের ব্যাটিং ধস নিশ্চিত করেন। উইল জ্যাকসও একটি উইকেট পান।
এই জয়ে ইংল্যান্ড শুধু বড় ব্যবধানে ম্যাচই জেতেনি, নিজেদের বোলিং ও ব্যাটিং শক্তিরও জানান দিয়েছে। অন্যদিকে ব্যাটিং ব্যর্থতার কারণে সিরিজের গুরুত্বপূর্ণ ম্যাচে বড় ধাক্কা খেল ভারত।