Wednesday, February 25, 2026

শেরপুরের নকলায় জমি বিরোধে কৃষকের মৃত্যু, আটক ৩ নারী


ছবিঃ নকলা থানা (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। শেরপুর

শেরপুরের নকলা উপজেলায় বাড়ির সীমানা ও চলাচলের রাস্তার জমি নিয়ে বিরোধের জেরে খোরশেদ আলী (৫০) নামে এক কৃষকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিন নারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার গনপদ্দী ইউনিয়নের চিথলিয়া পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, খোরশেদ আলীর সঙ্গে তাঁর চাচাতো বোনের স্বামী জুলহাস মিয়ার দীর্ঘদিন ধরে জমির সীমানা ও রাস্তা ব্যবহার নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে বিষয়টি নিয়ে আবারও দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে খোরশেদ ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিবারের অভিযোগ, তখন জুলহাসের স্বজনরা তাকে শারীরিকভাবে আক্রমণ করলে তিনি শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিন নারীকে আটক করে। আটক ব্যক্তিরা হলেন জুলহাসের স্ত্রী জুলেখা বেগম, হাফিজুলের স্ত্রী জোস্না এবং জাকিরের স্ত্রী শারমিন আক্তার।

অন্যদিকে অভিযুক্ত পরিবারের দাবি, কথাকাটাকাটির সময় খোরশেদ আলী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান। তিনি আগে থেকেই শ্বাসকষ্টে ভুগছিলেন এবং অতিরিক্ত উত্তেজনার কারণে স্ট্রোক হয়ে থাকতে পারে। তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ সঠিক নয় বলে তারা দাবি করেন।

নকলা থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল কাসেম জানান, ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হয়েছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন