- ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরের সদর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে জ্বালানি তেল ও গ্যাস সিলিন্ডারের দোকানসহ অন্তত ৯টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে মালামালসহ প্রায় ৭০ থেকে ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের কামারহাট বাজারে এ ঘটনা ঘটে।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রনজিত কুমার সাহা রাত সাড়ে ১১টার দিকে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪৫ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। দূরত্ব বেশি হওয়ায় ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা সময় লেগেছে। কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তারাবির নামাজ চলাকালে কামারহাট বাজারের ‘আলিফ এন্টারপ্রাইজ’ নামের একটি দোকান থেকে হঠাৎ আগুনের শিখা দেখা যায়। দোকানটিতে জ্বালানি তেল ও গ্যাস সিলিন্ডার মজুত থাকায় অল্প সময়ের মধ্যেই আগুন দ্রুত আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। কয়েকটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে বলেও ব্যবসায়ীরা ধারণা করছেন।
জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান গণমাধ্যমকে জানান, গ্যাসের চুলা মেরামতের সময় একটি সিলিন্ডার বিস্ফোরণের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে। বিস্ফোরণের পর আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে ফায়ার সার্ভিসের একজন সদস্য আহত হয়েছেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জেলা প্রশাসন জানিয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত প্রক্রিয়া চলছে।