Wednesday, February 25, 2026

দিনাজপুরের ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১


ছবিঃ দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ১ জন আহত হয়েছে (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। দিনাজপুর

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে ট্রাক ও যাত্রীবাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং একজন আহত হয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল প্রায় ৭টার দিকে মহাসড়কের রাঙামাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বারাইহাট এলাকার আব্দুল রফিকের মেয়ে রোমানা আক্তার (২৫) এবং ২নং আলাদিপুর ইউনিয়নের জামডাঙ্গা গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে মো. আইনুল ইসলাম (৪০)। আহত হয়েছেন মোছা. ইয়াসমিন (৩০)। তিনি বারাইহাট বাজরাপাড়া গ্রামের বাসিন্দা মো. এনদারের মেয়ে। বর্তমানে তিনি ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দিনাজপুরগামী একটি ট্রাকের সঙ্গে ফুলবাড়ীমুখী যাত্রীবাহী ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই ভ্যানচালক ও এক নারী যাত্রী মারা যান। আহত আরেক যাত্রী সড়কে ছিটকে পড়লে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

দুর্ঘটনার পরপরই মহাসড়কে যান চলাচল ব্যাহত হয় এবং উৎসুক জনতার ভিড়ে সাময়িক যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন