Friday, July 10, 2026

সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছাড়লেন আটকে পড়া ৫৬১ পর্যটক


ছবিঃ সাজেক ছাড়লেন আটকেপড়া পর্যটকরা (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। রাঙামাটি

টানা ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙামাটির দীঘিনালা-সাজেক সড়কের একাধিক অংশ তলিয়ে যাওয়ায় কয়েকদিন ধরে সাজেক ভ্যালিতে আটকে পড়া সব পর্যটককে নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে নৌকা, বাঁশের ভেলা এবং সড়কপথ ব্যবহার করে ধাপে ধাপে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার থেকে দীঘিনালা-সাজেক সড়কের মাচালং ও বাঘাইহাট এলাকার বিভিন্ন অংশ পানির নিচে চলে যাওয়ায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে। ফলে সাজেকে অবস্থানরত ৫৬১ জন পর্যটক সেখানে আটকা পড়েন।

উদ্ধার কার্যক্রমের প্রথম ধাপে বৃহস্পতিবার বিকেলে ১৫০ জন পর্যটককে জলাবদ্ধ অংশ নৌকা ও বাঁশের ভেলায় পার করে নিরাপদ স্থানে নেওয়া হয়। এরপর শুক্রবার সকালে অবশিষ্ট ৪১১ জনকেও সেনাবাহিনীর সমন্বয়ে নিরাপদে সাজেক থেকে বের করে দেওয়া হয়। বর্তমানে সবাই নিজ নিজ গন্তব্যে পৌঁছেছেন বলে নিশ্চিত করেছে প্রশাসন।

প্রশাসন জানায়, পাহাড়ি ঢল ও অব্যাহত বৃষ্টিতে দীঘিনালা-বাঘাইহাট-মাচালং-সাজেক সড়কের বিভিন্ন স্থানে পানি উঠে যাওয়ায় স্বাভাবিক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে আটকে পড়া পর্যটকদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে সেনাবাহিনী বিশেষ উদ্ধার ব্যবস্থা গ্রহণ করে।

সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মণ বলেন, বৃহস্পতিবার ১৫০ জন এবং শুক্রবার আরও ৪১১ জন পর্যটক সাজেক ত্যাগ করেছেন। সেনাবাহিনীর সহযোগিতায় সবাই নিরাপদে গন্তব্যে পৌঁছেছেন। বর্তমানে সাজেক পর্যটনকেন্দ্রে কোনো পর্যটক অবস্থান করছেন না।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজানও বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই ধাপে সাজেকে আটকে থাকা সব পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। উদ্ধার কার্যক্রমে স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনী সমন্বিতভাবে কাজ করেছে।

এদিকে বৈরী আবহাওয়া ও সম্ভাব্য ঝুঁকির কথা বিবেচনায় রেখে রাঙামাটি জেলা প্রশাসনের জারি করা সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধের সিদ্ধান্ত এখনো কার্যকর রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটকদের সাজেকে ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন