- ১০ জুলাই, ২০২৬
PNN নিউজ ডেস্ক। কুমিল্লা
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শিগগিরই সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর। প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং জাদুঘরের কার্যক্রম পরিচালনার জন্য নতুন কমিটিও গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
শুক্রবার (১০ জুলাই) কুমিল্লা জাদুঘর ও ময়নামতির ঐতিহাসিক শালবন বিহার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় জাদুঘর পরিচালনা-সংক্রান্ত কার্যক্রমে কিছু সাংগঠনিক অসঙ্গতি ছিল। সেগুলো দূর করে নতুন কমিটি গঠন করা হয়েছে এবং এ বিষয়ে জাতীয় সংসদেও প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে জাদুঘরের উদ্বোধনের তারিখসহ সার্বিক পরিকল্পনা জানানো হবে।
দেশের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, অতীতে বহু গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক নিদর্শন নষ্ট হয়েছে। সেসব হারানো ঐতিহ্য সংরক্ষণ ও পুনরুদ্ধারে বর্তমান সরকার ধারাবাহিকভাবে কাজ করছে।
তিনি আরও বলেন, গত প্রায় দুই দশকে শিক্ষা, শিল্প, সংস্কৃতি, আইন ও বিচারব্যবস্থাসহ বিভিন্ন খাত ক্ষতির মুখে পড়েছে। জনগণের মতামতের যথাযথ প্রতিফলন ঘটেনি এবং আর্থিক খাতেও ব্যাপক অনিয়মের কারণে ব্যাংক ও বীমা খাত দুর্বল হয়ে পড়েছে বলে তিনি মন্তব্য করেন।
পরিদর্শনের সময় মন্ত্রী কুমিল্লা জাদুঘরে সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঘুরে দেখেন এবং শালবন বিহারের সংরক্ষণ কার্যক্রম সম্পর্কেও খোঁজখবর নেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে তিনি ঐতিহ্য সংরক্ষণ ও দর্শনার্থীদের জন্য সুযোগ-সুবিধা উন্নয়নের বিষয়েও আলোচনা করেন।
এ সময় কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম, কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তার, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়, সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।