- ১০ জুলাই, ২০২৬
PNN নিউজ ডেস্ক। কক্সবাজার
কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নে বন্যার পানিতে নৌকাডুবির ঘটনায় দুই বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সকালে রসুলাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো হাসনাতুল জন্নাত ঝর্ণা (১২) ও তার ছোট বোন জেরিন (৭)। তারা স্থানীয় বাসিন্দা আবদুল মালেকের মেয়ে।
স্থানীয় সূত্র জানায়, টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় পরিবারের বসতভিটা পানিতে তলিয়ে যাওয়ায় তিন বোন নৌকায় করে নিরাপদ উঁচু স্থানে যাওয়ার চেষ্টা করছিল। পথিমধ্যে প্রবল স্রোতের মুখে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। এতে ঝর্ণা, জেরিন এবং তাদের আরেক বোন সাওরিন মনি পানিতে তলিয়ে যায়।
ঘটনার পর আশপাশের লোকজন দ্রুত উদ্ধারকাজে নেমে সাওরিন মনি ও জেরিনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠান। তবে ঝর্ণা স্রোতের তোড়ে ভেসে নিখোঁজ হয়ে যায়।
খবর পেয়ে চকরিয়া ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে টানা প্রায় ছয় ঘণ্টা অভিযান চালায়। দীর্ঘ অনুসন্ধানের পর শুক্রবার দুপুর প্রায় ২টার দিকে ঝর্ণার মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
অন্যদিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে জেরিন মারা যায় বলে পরিবারের সদস্যরা জানান।
বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালেকুজ্জামান জানান, বন্যার তীব্র স্রোতের কারণে নৌকাটি ডুবে যায়। স্থানীয়দের তাৎক্ষণিক চেষ্টায় দুই শিশুকে জীবিত উদ্ধার করা গেলেও শেষ পর্যন্ত একজনকে বাঁচানো সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিসের দীর্ঘ অভিযানে নিখোঁজ ঝর্ণার মরদেহ উদ্ধার করা হয়।
একই পরিবারের দুই শিশুর মৃত্যুতে রসুলাবাদ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা বলছেন, বন্যার পানি ও তীব্র স্রোতের মধ্যে নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করতে গিয়েই এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয় পরিবারটি।