Saturday, June 6, 2026

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার নিয়ে উদ্বেগ ফখরুলের, গণতন্ত্র রক্ষায় ঐক্যের আহ্বান


ছবিঃ বিএনপির প্রয়াত সংসদ সদস্য মাহবুবুল আলম তারা ও তাঁর বড় ভাই প্রয়াত রাজনীতিবিদ মাহবুবুল হক স্মরণে আজ শুক্রবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনীতিবিদদের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর মতে, এ ধরনের কর্মকাণ্ড দেশের রাজনৈতিক সংস্কৃতি ও গণতান্ত্রিক ধারার জন্য হুমকি হয়ে উঠতে পারে।

শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রয়াত বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য মাহবুবুল আলম তারা এবং তাঁর বড় ভাই রাজনীতিবিদ মাহবুবুল হকের স্মরণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহারের কারণে রাজনৈতিক ব্যক্তিত্বদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার প্রবণতা বাড়ছে। তিনি অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে রাজনীতিকে নেতিবাচকভাবে উপস্থাপন করে জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে।

তিনি আরও বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পরও দেশের রাজনৈতিক পরিবেশ পুরোপুরি ঝুঁকিমুক্ত হয়নি। বিভিন্নভাবে অস্থিতিশীলতা সৃষ্টি এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে দুর্বল করার চেষ্টা চলছে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

বিএনপি মহাসচিবের ভাষ্য, কিছু রাজনৈতিক শক্তি গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি আস্থাশীল নয় এবং তারা রাজনৈতিক অঙ্গনে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। এ ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

নিজ দলের রাজনৈতিক দর্শনের প্রসঙ্গ তুলে ধরে মির্জা ফখরুল বলেন, বিএনপি একটি উদার গণতান্ত্রিক দল এবং সাংবিধানিক ও গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমেই রাজনৈতিক পরিবর্তনে বিশ্বাসী।

স্মরণসভায় সভাপতিত্ব করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দলবিরোধী প্রচারণা সম্পর্কে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুব উল্লাহ। তিনি প্রয়াত মাহবুবুল আলম তারার রাজনৈতিক জীবন, নেতৃত্বগুণ এবং জনসম্পৃক্ততার বিভিন্ন দিক তুলে ধরেন।

এছাড়া বক্তব্য দেন অধ্যাপক আবু আহমেদ, এম মাসরুর রিয়াজ, আনোয়ার হোসেন পাটোয়ারী, শেখ ফরিদ বাহার, মেজবাহ উদ্দিন খানসহ আরও অনেকে। বক্তারা প্রয়াত দুই রাজনীতিবিদের রাজনৈতিক অবদান, সততা ও জনসেবামূলক কর্মকাণ্ড স্মরণ করেন।

অনুষ্ঠানে পরিবারের সদস্যরা ফেনীতে মাহবুবুল হক ও মাহবুবুল আলম তারার নামে কোনো সড়ক বা স্থাপনার নামকরণের প্রস্তাব উত্থাপন করেন। এ বিষয়ে স্থানীয় পর্যায়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন