Saturday, June 6, 2026

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, গুরুত্ব পেল দ্বিপক্ষীয় সহযোগিতা


ছবিঃ বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

বাংলাদেশ সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি এবং বিভিন্ন সহযোগিতামূলক বিষয় নিয়ে আলোচনা হয়।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। একই সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তি, বাণিজ্য এবং অর্থনৈতিক খাতে সহযোগিতার নতুন সম্ভাবনা নিয়েও মতবিনিময় হয়।

আলোচনায় আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতার প্রয়োজনীয়তার বিষয়ও উঠে আসে। উভয় পক্ষ ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও বিস্তৃত ও কার্যকর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে ডা. শফিকুর রহমান রোহিঙ্গা সংকটে তুরস্কের অব্যাহত সমর্থনের জন্য দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও তুর্কি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি রোহিঙ্গা সমস্যার দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ আরও জোরদারের আহ্বান জানান।

বৈঠকের একপর্যায়ে তুরস্কের প্রেসিডেন্টের উদ্দেশ্যে একটি শুভেচ্ছা বার্তা হাকান ফিদানের হাতে তুলে দেন জামায়াত আমির।

জামায়াতের প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য নূরুল ইসলাম বুলবুল, সেলিম উদ্দিন এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মীর আহমাদ বিন কাসেম।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ বৈঠক বাংলাদেশ-তুরস্ক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক পর্যায়ে নতুন আলোচনা তৈরিতে ভূমিকা রাখতে পারে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন