Saturday, April 11, 2026

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ৩ ফেব্রুয়ারি


ছবিঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম আগামী মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়ে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। ভর্তি হতে আগ্রহী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে ইউজারনেম ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করে ‘Rank Info’ ট্যাব থেকে যোগ্য সাবজেক্টের তালিকা দেখতে পারবেন।

ভর্তি সংক্রান্ত সময়সূচী অনুযায়ী, শিক্ষার্থীদের সেন্টার অব এক্সিলেন্স ভবনে সরাসরি উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়েছে, র‍্যাঙ্ক তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীরা মেধাক্রম অনুসারে নির্ধারিত কক্ষে পর্যায়ক্রমে ডাকা হবে এবং সেখানে সাবজেক্ট নির্বাচন সম্পন্ন করতে হবে।

ভর্তির সময় শিক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে:

  • এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল মার্কশিট সঙ্গে আনতে হবে। ইতোমধ্যে অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি থাকলে মূল মার্কশিটের পরিবর্তে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভর্তির প্রমাণপত্র, ফি জমার রশিদ এবং মার্কশিটের ফটোকপি আনতে হবে।

  • এক কপি সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি অবশ্যই সঙ্গে রাখতে হবে।

  • ভর্তি ফি বাবদ ১৪ হাজার ৯০০ টাকা অবশ্যই সঙ্গে আনতে হবে।

  • পরীক্ষার্থীর ব্লাড গ্রুপের যথাযথ প্রমাণপত্র সঙ্গে আনতে হবে।

  • একাধিক ইউনিটে আবেদনকারী শিক্ষার্থীদের ক্ষেত্রে, প্রথম ইউনিটে ভর্তি সম্পন্ন হলে অন্য ইউনিটে সুযোগ পেলেও শুধুমাত্র সাবজেক্ট পরিবর্তন হবে; পুনরায় ভর্তি ফি প্রদান করতে হবে না।

ভর্তি কমিটি মূল মার্কশিট জমা নেবে এবং শিক্ষার্থীদের পর্যাপ্ত ফটোকপি সংরক্ষণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

শাবিপ্রবি কর্তৃপক্ষ আশা করছে, সুসংগঠিত এই ভর্তি প্রক্রিয়া শিক্ষার্থীদের সুবিধাজনক ও স্বচ্ছভাবে সম্পন্ন হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন