Wednesday, February 4, 2026

পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০২৫ অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে ই-জিপি নির্দেশনা


ছবিঃ মাউশির লোগো ও ভুয়া ভাউচার দিয়ে দুর্নীতির প্রতীকী চিত্র (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

সরকারি কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও জেলা-উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসসহ সংশ্লিষ্ট সব শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি ক্রয় কার্যক্রম ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পন্ন করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) অধিদপ্তরের এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ ও সংশোধিত পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫ অনুযায়ী সকল সরকারি ক্রয় কার্যক্রম ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) পোর্টালের মাধ্যমে পরিচালনা করতে হবে। ব্যতিক্রমী ক্ষেত্রে ক্রয়কারী প্রতিষ্ঠান ই-জিপি ব্যবস্থায় ক্রয় প্রক্রিয়া সম্পন্ন করতে না পারলে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (বিপিপিএ) পূর্বানুমোদন গ্রহণ করতে হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সকল ক্রয়কারী সংস্থার প্রধানের অধীনে থাকা সরকারি কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, টিটিসি, এইচএসটিটিআই এবং ন্যাশনাল একাডেমি ফর অটিজম এন্ড নিউরোডেভেলপমেন্টাল ডিজঅ্যাবিলিটিজ (এনএএএনডি) একাডেমিতে ক্রয় কার্যক্রম ই-জিপি পদ্ধতিতে করার নির্দেশ দিয়েছেন।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের ইউজার আইডি খোলাসহ ডোমেন আইডি ও পিই অফিস তৈরি করার প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান এবং অফিস প্রধানদের বলা হয়েছে।

আদেশে আরও উল্লেখ করা হয়েছে, সরকারি ক্রয়ে অনিয়ম ও ভুয়া বিল-ভাউচার প্রতিরোধে এই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, যাতে শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যায়।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন