- ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
রাইড-শেয়ারিং ও খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান উবার স্বয়ংচালিত যানবাহন খাতে নিজেদের ভূমিকা জোরদার করতে নতুন একটি বিভাগ চালু করেছে। ‘উবার অটোনোমাস সল্যুশনস’ নামের এই বিভাগ রোবোট্যাক্সি, স্বচালিত ট্রাক ও ফুটপাতভিত্তিক ডেলিভারি রোবট পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট সফটওয়্যার, অবকাঠামো ও সাপোর্ট সেবা প্রদান করবে।
সোমবার ঘোষিত এ উদ্যোগের মাধ্যমে উবার মূলত বিভিন্ন অটোনোমাস ভেহিকল (এভি) প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠানের জন্য পূর্ণাঙ্গ অপারেশনাল সহায়তা দিতে চায়। কোম্পানির ভাষ্য অনুযায়ী, স্বচালিত প্রযুক্তি নির্মাতারা যাতে নিরাপদ সফটওয়্যার উন্নয়নে মনোযোগ দিতে পারেন, সে জন্য বাণিজ্যিক পরিচালনার জটিল কাজগুলো উবার সামলাবে।
নতুন এই বিভাগের নেতৃত্ব দেবেন উবারের গ্লোবাল হেড অব অটোনোমাস মোবিলিটি অ্যান্ড ডেলিভারি সরফরাজ মারেদিয়া। তিনি জানান, চাহিদা তৈরি, গ্রাহকসেবা, দৈনন্দিন বহর ব্যবস্থাপনা থেকে শুরু করে বাজারে দ্রুত প্রবেশ—সব ক্ষেত্রে অংশীদারদের সহায়তা দেওয়া হবে। লক্ষ্য হলো প্রতি মাইল ব্যয় কমানো এবং দ্রুত বাণিজ্যিক সম্প্রসারণ নিশ্চিত করা।
উবার ইতিমধ্যে রোবোট্যাক্সি ও স্বচালিত প্রযুক্তি নির্মাতা একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্ব গড়ে তুলেছে। তাদের মধ্যে রয়েছে ওয়েমো, বাইদু, পনি.এআই এবং ভল্কসওয়াগেন । প্রতিষ্ঠানটি জানিয়েছে, চলতি বছরের শেষ নাগাদ ১৫টির বেশি শহরে রোবোট্যাক্সি কার্যক্রম সম্প্রসারণে সহযোগিতা করবে তারা।
অবকাঠামোগত সহায়তার অংশ হিসেবে ডেটা সংগ্রহ, ম্যাপিং, ফ্লিট ফাইন্যান্সিং ও নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে সমন্বয়েও কাজ করবে নতুন বিভাগ। এমনকি বিশেষভাবে সজ্জিত যানবাহন ব্যবহার করে প্রশিক্ষণ ডেটা সংগ্রহের পরিকল্পনাও রয়েছে, যা অংশীদারদের কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়নে কাজে লাগবে।
বিশ্লেষকদের মতে, স্বচালিত প্রযুক্তির প্রসার ভবিষ্যতে উবারের প্রচলিত মানবচালিত রাইড-শেয়ারিং ব্যবসার ওপর প্রভাব ফেলতে পারে। তাই অংশীদারদের জন্য অপরিহার্য অপারেশনাল প্ল্যাটফর্ম হয়ে ওঠার মাধ্যমে কোম্পানিটি ভবিষ্যৎ বাজারে নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে।
উবারের প্রেসিডেন্ট ও সিওও অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেন, স্বচালিত প্রযুক্তির সফলতা নির্ভর করবে এর বাণিজ্যিক বাস্তবায়নের ওপর, আর সে ক্ষেত্রেই উবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়।