- ২৫ মে, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
টিজার ও প্রথম গান প্রকাশের পর থেকেই আলোচনায় থাকা রকস্টার সিনেমা এবার নতুন করে চমক দিল দ্বিতীয় গান ‘আমাকে উড়িয়ে দাও’ প্রকাশের মাধ্যমে। রোববার সন্ধ্যায় গানটি প্রকাশ করা হয় চরকি, এসভিএফ মিউজিক ও বিলিং মিউজিকের অফিসিয়াল প্ল্যাটফর্মে।
চার মিনিট ৪১ সেকেন্ড দৈর্ঘ্যের গানটিতে কণ্ঠ দিয়েছেন ও কথা লিখেছেন আহমেদ হাসান সানি। সংগীত পরিচালনা করেছেন জাহিদ নীরব। এর আগে সিনেমার টিজারে গানটির কিছু অংশ শোনা গেলেও এবার প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সংস্করণ প্রকাশ পেয়েছে।
গানটির ভিডিওতে দেখা গেছে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান এবং অভিনেত্রী সাবিলা নূর-কে। এতে একজন সংগ্রামী সংগীতশিল্পীর ধীরে ধীরে জনপ্রিয় রকস্টার হয়ে ওঠার গল্পের আভাস মিলেছে। শুরুতে শাকিব খানের চরিত্রকে দেখা যায় গান লেখা, রেকর্ডিং এবং নিজের স্বপ্ন নিয়ে লড়াই করতে। পরে তাঁর জনপ্রিয়তা বাড়তে থাকলে শহরের বিলবোর্ড থেকে শুরু করে ভক্তদের উন্মাদনায় বদলে যেতে থাকে জীবন।
ভিডিওতে সাবিলা নূরকে শাকিব খানের সংগ্রামের সময় পাশে থাকতে দেখা গেলেও জনপ্রিয়তার শীর্ষে পৌঁছানোর পর তাঁর অনুপস্থিতি দর্শকের মনে প্রশ্ন তৈরি করেছে। সিনেমার গল্পে এই সম্পর্কের মোড় কোন দিকে যায়, সেটি জানতে অপেক্ষা করতে হবে মুক্তি পর্যন্ত।
এর আগে প্রকাশিত দ্বিতীয় টিজারে শাকিব খানের সঙ্গে আরও তিন অভিনেত্রীকে দেখা যায়। তাঁদের মধ্যে রয়েছেন তানজিয়া মিথিলা ও সুনিধি নায়েক। ধারণা করা হচ্ছে, সিনেমায় শাকিব খানের জীবনের বিভিন্ন পর্যায়ে তাঁদের উপস্থিতি দেখা যাবে।
গানটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবে দর্শক-শ্রোতাদের ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে গানটির সুর, কথা ও চিত্রায়নের প্রশংসা করেছেন। কেউ কেউ এটিকে চলতি বছরের আলোচিত সিনেমার গানগুলোর একটি বলেও মন্তব্য করছেন।
পরিচালক আজমান রুশো জানিয়েছেন, সিনেমাটিতে একজন সংগীতশিল্পীর সংগ্রাম, সাফল্য, সম্পর্ক এবং বাস্তব জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। নির্মাণে আসার আগে তিনি নিজেও সংগীতের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানান এবং সেই অভিজ্ঞতার ছাপ সিনেমার গল্পে রাখা হয়েছে।
সান মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন নুসরাত মাটি। সংলাপ লিখেছেন আয়মান আসিব ও সামিউল ভূঁইয়া।
আগামী ঈদুল আজহা উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘রকস্টার’। পরে এটি চরকির অ্যাপ ও ওয়েবসাইটেও মুক্তি দেওয়া হবে বলে জানা গেছে।