Monday, May 25, 2026

নির্বাচনী ব্যয়ের হিসাব জমায় ২১ প্রার্থীকে ফের সময় দিল ইসি


প্রতীকী ছবিঃ নির্বাচন কমিশন (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া ২১ জন প্রার্থীকে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেওয়ার জন্য দ্বিতীয় দফায় সময় বাড়িয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৪ জুনের মধ্যে সংশ্লিষ্ট প্রার্থীদের ব্যয়বিবরণী দাখিল করতে হবে।

ইসি সূত্র জানায়, এ–সংক্রান্ত নির্দেশনা গত শনিবার স্বাক্ষরিত হয়ে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা না দিলে বিদ্যমান আইনে দুই থেকে সাত বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধানের কথাও উল্লেখ করা হয়েছে।

নির্বাচনী আইন অনুযায়ী, ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে প্রত্যেক প্রার্থীকে নির্বাচনী ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিতে হয়। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্ধারিত সময়ের মধ্যে অনেকে হিসাব জমা না দেওয়ায় প্রথম দফায় সময় বাড়িয়ে ৬ মে পর্যন্ত সুযোগ দেওয়া হয়েছিল। তবে সেই সময়সীমার মধ্যেও ২১ জন প্রার্থী তাঁদের হিসাব দাখিল করেননি।

যেসব প্রার্থী এখনো নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেননি, তাঁদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন। এর মধ্যে রয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ জাসদ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ জামায়াতে ইসলামী, এবি পার্টি এবং এনসিপি-সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা।

ইসি কর্মকর্তারা বলছেন, নির্ধারিত সময়ের মধ্যে ব্যয়ের হিসাব জমা না দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে। নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এই হিসাব দাখিল বাধ্যতামূলক বলেও উল্লেখ করেন তারা।

নির্বাচনী বিশ্লেষকদের মতে, প্রার্থীদের ব্যয়বিবরণী জমা দেওয়া শুধু আইনি বাধ্যবাধকতাই নয়, বরং নির্বাচনী ব্যবস্থার প্রতি জনআস্থা বজায় রাখার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন