Sunday, May 17, 2026

রিভিয়ান থেকে রোবটিক্স—বিনিয়োগকারীদের আস্থার কেন্দ্রে মার্কিন উদ্যোক্তা


ছবিঃ আরজে স্কেয়ারিঞ্জ (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

বিদ্যুৎচালিত গাড়ি নির্মাতা রিভিয়ানের প্রতিষ্ঠাতা আরজে স্ক্যারিঞ্জ আবারও আলোচনায়। একের পর এক নতুন উদ্যোগে বিপুল বিনিয়োগ টেনে নিয়ে প্রযুক্তি ও স্টার্টআপ জগতে নিজের অবস্থান আরও শক্ত করেছেন তিনি।

গত এক দশকে তার প্রতিষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠানে ১২ বিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ এসেছে। সম্প্রতি তার নতুন প্রতিষ্ঠান মাইন্ড রোবোটিক্স আরও ৪০০ মিলিয়ন ডলার সংগ্রহ করেছে, যা বিনিয়োগকারীদের আস্থার নতুন উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

শুধু কৃত্রিম বুদ্ধিমত্তা বা প্রতিরক্ষা প্রযুক্তি নয়, স্ক্যারিঞ্জ বৈদ্যুতিক ক্ষুদ্র যানবাহন খাতেও বড় অঙ্কের অর্থায়ন পেয়েছেন। ২০২৫ সালে প্রতিষ্ঠিত তার নতুন স্টার্টআপ ‘অলসো’ শুরুতেই ১০৫ মিলিয়ন ডলার সংগ্রহ করে। পরে সেই বিনিয়োগ ৩০০ মিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। প্রতিষ্ঠানটির বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে খাবার সরবরাহকারী প্রযুক্তি প্রতিষ্ঠান ডোরড্যাশ।

স্ক্যারিঞ্জের দীর্ঘদিনের সহযোগীরা বলছেন, তার সবচেয়ে বড় শক্তি হচ্ছে জটিল ধারণাকে সহজ ও বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরার ক্ষমতা। বিনিয়োগকারীদের কাছে তিনি বাস্তববাদী ও পরিমিত দৃষ্টিভঙ্গির জন্য আলাদা আস্থা তৈরি করেছেন।

ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে যন্ত্রকৌশলে ডক্টরেট সম্পন্ন করা স্ক্যারিঞ্জকে প্রযুক্তি দুনিয়ার প্রভাবশালী উদ্যোক্তাদের কাতারে রাখা হচ্ছে। অনেকেই তার নাম তুলনা করছেন টেসলা ও স্পেসএক্স প্রধান ইলন মাস্ক, ওপেনএআই প্রধান স্যাম অল্টম্যান কিংবা ব্লক ও টুইটারের সহপ্রতিষ্ঠাতা জ্যাক ডরসির সঙ্গে। তবে ঘনিষ্ঠরা বলছেন, স্ক্যারিঞ্জ নিজের ব্যক্তিত্বকে অতিরিক্তভাবে সামনে না এনে পণ্য ও প্রযুক্তিকেই গুরুত্ব দেন।

রিভিয়ানের সাফল্য তার বিনিয়োগযাত্রার বড় ভিত্তি তৈরি করে। ২০২১ সালে প্রতিষ্ঠানটির শেয়ারবাজারে আত্মপ্রকাশ প্রযুক্তি খাতে ব্যাপক আলোড়ন তোলে। সে সময় প্রায় ১২ বিলিয়ন ডলার সংগ্রহ করে রিভিয়ান এবং শেয়ারবাজারে এর মূল্যায়ন ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। যদিও বর্তমানে বৈশ্বিক বৈদ্যুতিক গাড়ির বাজারে চাপের কারণে কোম্পানিটির বাজারমূল্য উল্লেখযোগ্যভাবে কমেছে।

তবুও স্ক্যারিঞ্জের নতুন উদ্যোগগুলোতে বিনিয়োগের গতি কমেনি। এছাড়া জার্মান গাড়ি নির্মাতা ভক্সওয়াগেন গ্রুপের সঙ্গে রিভিয়ানের যৌথ উদ্যোগ এবং উবারের সঙ্গে রোবোট্যাক্সি অংশীদারত্বও নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।

বিনিয়োগ বিশ্লেষকদের মতে, প্রযুক্তি, প্রকৌশল দক্ষতা এবং পণ্যের প্রতি গভীর মনোযোগ—এই তিনের সমন্বয় স্ক্যারিঞ্জকে অন্য উদ্যোক্তাদের থেকে আলাদা করেছে। তাই একাধিক প্রতিষ্ঠান একসঙ্গে পরিচালনা করেও তিনি বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে সক্ষম হচ্ছেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন