- ১৬ মে, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা।
শনিবার সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন মূল্য ঘোষণা করা হয়। সকাল ১০টা থেকেই নতুন দর কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন দরে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকায়। এছাড়া ১৮ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকায়।
এর আগে ১৫ মে স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ২১৫ টাকা কমানো হয়েছিল। ফলে মাত্র দুই দিনের ব্যবধানে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম মোট ৬ হাজার ৫৮৯ টাকা কমেছে।
শুধু স্বর্ণ নয়, রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন দরে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হবে ৫ হাজার ৬৫৭ টাকায়, যা আগের চেয়ে ১১৭ টাকা কম। এছাড়া ২১ ক্যারেটের রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৪৪১ টাকায় বিক্রি হবে।
ব্যবসায়ীরা মনে করছেন, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার ওঠানামার কারণে স্বর্ণের দামে এমন পরিবর্তন এসেছে।