Tuesday, May 12, 2026

রিজার্ভ বেড়ে ৩৪ দশমিক ২২ বিলিয়ন ডলার, রেমিট্যান্স প্রবাহেও ইতিবাচক ধারা


প্রতীকী ছবিঃ বাংলাদেশ ব্যাংক (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আবারও ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। বাংলাদেশ ব্যাংক–এর সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ২২৬ বিলিয়ন মার্কিন ডলারে।

কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, চলতি বছরের ১১ মে পর্যন্ত রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ হাজার ২২৬ দশমিক ৩৩ মিলিয়ন ডলারে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ হিসাব পদ্ধতি অনুযায়ী ব্যবহারযোগ্য বা নেট রিজার্ভ বর্তমানে ২৯ হাজার ৫৬৫ দশমিক ৬৬ মিলিয়ন মার্কিন ডলার।

একই সঙ্গে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহেও উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের ১ জুলাই থেকে ৯ মে পর্যন্ত দেশে মোট ৩০ দশমিক ৩৬২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ২৫ দশমিক ৪০১ বিলিয়ন ডলার। সেই হিসাবে রেমিট্যান্স প্রবৃদ্ধি দাঁড়িয়েছে প্রায় ১৯ দশমিক ৫ শতাংশ।

শুধু চলতি মাসের প্রথম নয় দিনেই দেশে এসেছে ১ দশমিক ০২৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স। গত বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ৮৬৪ মিলিয়ন ডলার। অর্থাৎ মাসভিত্তিক প্রবৃদ্ধি হয়েছে ১৯ শতাংশের বেশি।

এছাড়া ৭ থেকে ৯ মে—মাত্র তিন দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৭৭ মিলিয়ন মার্কিন ডলার।

সংশ্লিষ্টরা বলছেন, বৈধ চ্যানেলে অর্থ পাঠাতে সরকারি প্রণোদনা, ব্যাংকিং সেবার ডিজিটাল সহজীকরণ এবং প্রবাসীদের আস্থা বৃদ্ধি পাওয়ায় রেমিট্যান্সে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। এর ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভও ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে।

অর্থনীতিবিদদের মতে, রেমিট্যান্সের এই ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষা, আমদানি ব্যয় মোকাবিলা এবং সামগ্রিক অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন