Monday, March 9, 2026

রাজশাহীর বাঘায় সিএনজি–ভটভটি সংঘর্ষে নিহত ৩, আহত ২


ছবিঃ রাজশাহীর বাঘায় মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুচড়ে যাওয়া সিএনজি ও ভটভটি (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। রাজশাহী

রাজশাহীর বাঘা উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং অন্তত দুইজন আহত হয়েছেন। সোমবার (৯ মার্চ) সকাল সাতটার দিকে বাঘা-লালপুর সড়কের চন্ডিপুর এলাকায় হযরত আলীর বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লালপুর উপজেলার নওপাড়া গ্রাম থেকে একটি সিএনজি যাত্রী নিয়ে বাঘার দিকে আসছিল। পথে চন্ডিপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই দুজন মারা যান এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন লালপুর উপজেলার নওপাড়া গ্রামের সিএনজি চালক শরিফুল ইসলাম (৪৫), একই উপজেলার বধুপাড়া গ্রামের নিরাপদ দাসের ছেলে বিধান দাস (৫৫) এবং আন্দী গ্রামের নাজিম উদ্দিনের স্ত্রী রকেনা বেগম (৯০)।

দুর্ঘটনায় আহত হয়েছেন আন্দী গ্রামের নাজিম উদ্দিনের ছেলে শাহাজান আলী (৩৫) এবং চকবাদুড়িয়া গ্রামের আবদুল হান্নানের স্ত্রী সীমা বেগম (৫০)। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার প্রত্যক্ষদর্শী আলমগীর হোসেন জানান, সকালে ঘন কুয়াশার কারণে সড়কে দৃশ্যমানতা কম ছিল। সম্ভবত একে অপরকে ঠিকমতো দেখতে না পাওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। পাশাপাশি দুর্ঘটনায় জড়িত সিএনজি ও ভটভটি উদ্ধার করার কাজ চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন