Sunday, April 19, 2026

রাজবাড়ীতে আদালত চত্বরে স্লোগান, নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতা গ্রেফতার


ছবিঃ রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহিন শেখকে কারাগারে নিয়ে যাওয়ার সময় নেতাকর্মীরা পুলিশের সামনে জয় বাংলা স্লোগান দেন (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। রাজবাড়ী

রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহিন শেখকে আদালতে হাজিরা শেষে কারাগারে নেওয়ার সময় আদালত প্রাঙ্গণে স্লোগান দেওয়ার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে রাজবাড়ী সদর থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করে। গ্রেফতার ব্যক্তিরা সবাই নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতাররা হলেন, রাজবাড়ী নতুনবাজার চরলক্ষ্মীপুর এলাকার সাজ্জাদ হোসাইন (২১), পরশ আলী শেখ ওরফে শান্ত (২০), জনি শেখ (১৭), তৌফিক আহম্মেদ তাহিম (১৭) এবং মুনজিল শেখ (১৭)।

পুলিশ সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি শাহিন শেখকে হাজিরার জন্য আদালতে তোলা হয়। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে তাকে পুলিশের প্রিজন ভ্যানে তোলার সময় তার স্বজন ও সংগঠনের সমর্থকরা আদালত চত্বরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শাহিন শেখকে রাজবাড়ী জেলা কারাগারে পাঠানো হয়।

পুলিশ আরও জানায়, স্লোগানদাতাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার মামলাও রয়েছে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জিয়াউর রহমান বলেন, “আদালত চত্বরে নিষিদ্ধ সংগঠনের স্লোগান দেওয়ার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের চিহ্নিত করে গ্রেফতারের অভিযান চলমান রয়েছে।”

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন