Friday, February 13, 2026

দায়িত্বশীল ছাত্ররাজনীতির দৃষ্টান্ত স্থাপন করল ছাত্রদল


ছবিঃ (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে সাঁটানো ছাত্রদলের পোস্টার গতকাল রাতে সংগঠনের নেতাকর্মীরাই স্বতঃস্ফূর্তভাবে সরিয়ে ফেলেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নীতিমালা অনুসরণ এবং শিক্ষাঙ্গনের সৌন্দর্য ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়টি বিবেচনায় নিয়েই এই উদ্যোগ নেওয়া হয়।

সংগঠন সূত্রে জানা যায়, কোনো প্রশাসনিক চাপ ছাড়াই দায়িত্ববোধ থেকে ছাত্রদলের নেতাকর্মীরা নিজ উদ্যোগে পোস্টার অপসারণ কার্যক্রম সম্পন্ন করেন। এই পদক্ষেপকে ক্যাম্পাসে একটি ইতিবাচক ও পরিণত রাজনৈতিক চর্চার দৃষ্টান্ত হিসেবে দেখছেন শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা।

এ বিষয়ে ছাত্রদলের আহ্বায়ক মোঃ আতিকুর রহমান বলেন,“বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আমাদের আবেগ ও গর্বের জায়গা। এখানে রাজনীতি হবে শিক্ষার্থীদের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে। তবে তা কখনোই ক্যাম্পাসের সৌন্দর্য কিংবা প্রশাসনিক শৃঙ্খলার পরিপন্থী হতে পারে না। দায়িত্বশীল ছাত্ররাজনীতির অংশ হিসেবেই আমরা নিজেরাই পোস্টার সরিয়ে নিয়েছি।”

তিনি আরও বলেন,“ছাত্রদল সবসময় গঠনমূলক ও ইতিবাচক রাজনীতিতে বিশ্বাস করে। শিক্ষার পরিবেশ অক্ষুণ্ন রেখে শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণই আমাদের মূল লক্ষ্য।”

বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এর শিক্ষক প্রফেসর ড. বদিউজ্জমান খান বলেন,

“ছাত্ররাজনীতিতে এমন স্বেচ্ছাপ্রণোদিত ও দায়িত্বশীল আচরণ সত্যিই প্রশংসনীয়। এতে বোঝা যায়, সংগঠনটি ক্যাম্পাসের পরিবেশ ও শালীন রাজনৈতিক চর্চাকে গুরুত্ব দিচ্ছে, যা শিক্ষাঙ্গনের জন্য অত্যন্ত ইতিবাচক।”

এ বিষয়ে এক সাধারণ শিক্ষার্থী বলেন,“রাজনীতি মানেই বিশৃঙ্খলা- এই ধারণা বদলাতে ছাত্রদলের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ। নিজেরা পোস্টার সরিয়ে ফেলা একটি সচেতন ও পরিণত মানসিকতার পরিচয় দেয়। এতে ছাত্ররাজনীতি নিয়ে আমাদের আস্থা বাড়ে।”

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ ক্যাম্পাসে সহনশীল, শৃঙ্খলাবদ্ধ ও গঠনমূলক রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে ছাত্ররাজনীতির জন্য একটি ইতিবাচক উদাহরণ হিসেবে বিবেচিত হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন