- ১৫ মে, ২০২৬
PNN নিউজ ডেস্ক। রাজবাড়ী
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের শেষ সীমানা কালীতলা এলাকায় মাটি চাপা দেওয়া অবস্থায় এক নারী ও তার শিশুকন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহত নারীর স্বামী ও কথিত পরকীয়া প্রেমিককে আটক করা হয়েছে।
নিহতরা হলেন জাহানারা বেগম (৩০) এবং তার চার বছর বয়সী মেয়ে সামিয়া আক্তার। জাহানারা মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেঁওতা গ্রামের লালন মোল্লার মেয়ে। তিনি গোয়ালন্দের চর কর্নেশনা এলাকার আমজাদ শেখের স্ত্রী।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে গোয়ালন্দ উপজেলার বকেরটিলা গ্রামের সীমান্তবর্তী ফরিদপুর সদর উপজেলার চর মাধবদীয়া ইউনিয়নের একটি কলাবাগান থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। স্থানীয় এক নারী প্রথমে কুকুরের টানাটানিতে মরদেহের অংশ দেখতে পেয়ে বিষয়টি এলাকাবাসীকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে উজ্জ্বল (৩৫) নামের এক যুবক এবং নিহতের স্বামী আমজাদ শেখকে আটক করা হয়েছে। তাদের ফরিদপুর কোতোয়ালি থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকার আমিনবাজার এলাকায় একটি ইটভাটায় কাজ করার সময় জাহানারার সঙ্গে শ্রমিক উজ্জ্বলের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে আগে কয়েকবার স্থানীয়ভাবে সালিশও হয়েছিল বলে দাবি করা হয়েছে।
স্বামী আমজাদ শেখ জানান, গত ৪ মে গ্রামের একটি দোয়া অনুষ্ঠানে যোগ দিতে তারা বাড়িতে আসেন। ফেরার পথে জাহানারা ওষুধ কেনার কথা বলে মেয়েকে নিয়ে থেকে যান। এরপর থেকে মা-মেয়ে নিখোঁজ ছিলেন। পরে ফেসবুকে লাশ উদ্ধারের খবর দেখে ঘটনাস্থলে গিয়ে তিনি স্ত্রী ও মেয়ের মরদেহ শনাক্ত করেন।
ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল্লাহ বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পরকীয়াজনিত বিরোধের তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।