Thursday, June 18, 2026

প্রযুক্তিনির্ভর প্রপার্টি সেবায় নতুন উদ্যোগ এসিআই এর, যাত্রা শুরু ‘সেরেনো লেভান্দে’র


ছবিঃ দেশের আবাসন ও সম্পত্তি ব্যবস্থাপনা খাতে প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণের লক্ষ্যে নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম ‘সেরেনো লেভান্দে’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

দেশের আবাসন ও সম্পত্তি ব্যবস্থাপনা খাতে প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণের লক্ষ্যে নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম ‘সেরেনো লেভান্দে’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। রাজধানীর এসিআই সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্ল্যাটফর্মটির উদ্বোধন করা হয়। এর মাধ্যমে প্রপার্টি সার্ভিসেস খাতে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করল এসিআই।

প্রতিষ্ঠানটির দাবি, বাড়ি ভাড়া, সম্পত্তি ব্যবস্থাপনা এবং আবাসন-সংক্রান্ত বিভিন্ন সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও নির্ভরযোগ্য করতে সমন্বিত এই ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। প্রযুক্তি ও পেশাদার ব্যবস্থাপনার সমন্বয়ে গ্রাহকদের জন্য একটি পূর্ণাঙ্গ আবাসন সেবা ইকোসিস্টেম গড়ে তোলাই এর মূল লক্ষ্য।

সেরেনো লেভান্দের আওতায় পাঁচটি প্রধান সেবা প্রদান করা হবে। এর মধ্যে রয়েছে ডিজিটাল মার্কেটপ্লেস, সার্ভিসড অ্যাপার্টমেন্টস, প্রপার্টি ম্যানেজমেন্ট, প্রিমিয়াম রিসেল এবং করপোরেট হাউজিং। প্রতিষ্ঠানটির মতে, আবাসন খাতের বিভিন্ন চাহিদাকে এক প্ল্যাটফর্মের আওতায় এনে গ্রাহকদের জন্য একটি সমন্বিত সমাধান তৈরি করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন এসিআইয়ের প্রেসিডেন্ট (ইএমইএ) মোহাম্মদ নিজাম উদ্দিন। তিনি বলেন, একটি বাড়ি কেবল একটি সম্পত্তি নয়; এটি একটি পরিবারের স্মৃতি, আবেগ এবং জীবনের গুরুত্বপূর্ণ অংশ। তাই সম্পত্তি ব্যবস্থাপনায় আস্থা, নিরাপত্তা এবং যত্ন নিশ্চিত করাই সেরেনো লেভান্দের প্রধান অঙ্গীকার।

তিনি আরও বলেন, “আমরা শুধু একটি প্রপার্টি ম্যানেজমেন্ট কোম্পানি গড়ে তুলছি না। আমরা এমন একটি সেবা ব্যবস্থা তৈরি করতে চাই, যেখানে গ্রাহকের সম্পত্তির যত্ন নেওয়া হবে নিজের সম্পত্তির মতো করেই।”

প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, ‘সেরেনো’ শব্দের অর্থ শান্তি এবং ‘লেভান্দে’ অর্থ জীবনযাপন। এই দুই ধারণার সমন্বয়ে গড়ে ওঠা ব্র্যান্ডটি ‘Living, Harmonized’ প্রতিশ্রুতির মাধ্যমে সুশৃঙ্খল, স্বাচ্ছন্দ্যময় এবং নির্ভরযোগ্য জীবনধারার বার্তা তুলে ধরতে চায়।

প্রযুক্তিনির্ভর এই প্ল্যাটফর্মে যুক্ত করা হয়েছে এআইভিত্তিক মালিক-ভাড়াটিয়া ম্যাচিং ব্যবস্থা, বহুভাষাভিত্তিক ভয়েস সার্চ এবং পেশাদার সম্পত্তি ব্যবস্থাপনা সেবা। ফলে ব্যবহারকারীরা আরও দ্রুত ও কার্যকরভাবে প্রয়োজনীয় আবাসন সেবা গ্রহণ করতে পারবেন বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

এছাড়া বিদেশে বসবাসরত বাংলাদেশিদের জন্য বিশেষ প্রপার্টি ম্যানেজমেন্ট সুবিধাও রাখা হয়েছে। এর মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্তে অবস্থান করেও তারা দেশে থাকা নিজেদের সম্পত্তি পেশাদারভাবে পরিচালনা ও তদারকির সুযোগ পাবেন।

পাশাপাশি দেশি-বিদেশি করপোরেট প্রতিষ্ঠান, কূটনীতিক, প্রবাসী কমিউনিটি এবং বিভিন্ন পেশাজীবীর জন্য উচ্চমানের আবাসিক ও বাণিজ্যিক সেবা প্রদানের লক্ষ্য নিয়েও কাজ করবে সেরেনো লেভান্দে।

এসিআই কর্তৃপক্ষের আশা, প্রযুক্তি, স্বচ্ছতা এবং পেশাদার ব্যবস্থাপনার সমন্বয়ে সেরেনো লেভান্দে দেশের প্রপার্টি সার্ভিসেস খাতে নতুন মানদণ্ড স্থাপন করবে এবং আবাসন সেবার অভিজ্ঞতায় ইতিবাচক পরিবর্তন আনবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন