- ২৭ জুন, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ প্রক্রিয়ায় প্রাথমিকভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর পূর্ব কার্যকলাপ, কাগজপত্র ও ডকুমেন্টস যাচাইয়ে জরুরি নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
রোববার (১০ মে) অধিদপ্তরের পলিসি ও অপারেশন বিভাগের সহকারী পরিচালক (নিয়োগ) আইরিন পারভীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এর আওতায় শূন্য পদের বিপরীতে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের বিষয়ে বিস্তারিত যাচাই-বাছাই করা হবে। এর মধ্যে তাদের পূর্ব কার্যকলাপ এবং দাখিলকৃত সকল ডকুমেন্টসের সত্যতা নিশ্চিত করার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর বিরুদ্ধে পুলিশি তদন্ত পরিচালনা করে তাদের অতীত কার্যক্রম যাচাই করতে হবে। একই সঙ্গে আবেদনকালে জমা দেওয়া সনদ, কাগজপত্র ও অন্যান্য নথিপত্রের সত্যতা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
অধিদপ্তর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে, যাতে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও সঠিকভাবে সম্পন্ন করা যায়।
প্রাথমিক শিক্ষা খাতে শিক্ষক নিয়োগে এমন যাচাই কার্যক্রমকে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।