Monday, May 11, 2026

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন অনুমোদন, শিগগিরই অর্থ ছাড়ের আশা


প্রতীকী ছবিঃ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন-ভাতার প্রস্তাব অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ সংক্রান্ত সরকারি আদেশ (জিও) ইতোমধ্যে জারি করা হয়েছে। ফলে চলতি সপ্তাহেই তাদের হাতে এপ্রিল মাসের বেতন পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে।

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (অর্থ ও ক্রয়) অধ্যাপক মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী জানিয়েছেন, কোনো ধরনের কারিগরি জটিলতা না থাকলে খুব দ্রুতই শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা প্রদান করা সম্ভব হবে।

শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩ লাখ ৮৭ হাজার ৪১৫ জন শিক্ষক-কর্মচারী কর্মরত আছেন। এর মধ্যে স্কুল পর্যায়ে ৩ লাখ ৭৩৬ জন এবং কলেজ পর্যায়ে ৮৭ হাজার ৮৯ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

গত ২৮ এপ্রিল এপ্রিল মাসের বেতন-ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। এর আগে ২২ এপ্রিল এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন ইএফটি (ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার) পদ্ধতিতে পাঠানোর জন্য প্রতিষ্ঠান প্রধানদের বিল জমা দিতে নির্দেশ দেওয়া হয়। নির্দেশনা অনুযায়ী ২৪ এপ্রিলের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো বিল সাবমিট করে।

তবে নির্ধারিত প্রক্রিয়া সম্পন্ন হলেও এখনো শিক্ষক-কর্মচারীরা এপ্রিল মাসের বেতন-ভাতা পাননি। এতে কিছুটা অনিশ্চয়তা থাকলেও এখন মন্ত্রণালয়ের অনুমোদনের পর দ্রুত অর্থ ছাড়ের আশা করা হচ্ছে।

শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, সময়মতো বেতন প্রদান নিশ্চিত হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আর্থিক চাপ কিছুটা হলেও কমবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন