- ১৫ জুন, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রমে সংগীত, নৃত্য ও নাট্যকলার বিষয় অন্তর্ভুক্ত করার সরকারি উদ্যোগের প্রতিবাদে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটি আগামী ১৮ জুন রাজধানী ঢাকায় এবং ১৯ জুন দেশব্যাপী প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ আয়োজনের ঘোষণা দিয়েছে।
রোববার রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ কর্মসূচির ঘোষণা দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
বৈঠকে তিনি বলেন, প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের পাঠ্যক্রমে নতুন সাংস্কৃতিক বিষয় যুক্ত করার সিদ্ধান্ত দেশের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তার মতে, শিশুদের শিক্ষায় নৈতিকতা, চরিত্র গঠন এবং ধর্মীয় শিক্ষার ওপর আরও বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন।
মাওলানা মামুনুল হক সরকারের প্রতি এ উদ্যোগ পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে প্রাথমিক শিক্ষায় ধর্মীয় ও নৈতিক শিক্ষার পরিধি বাড়ানোর দাবি জানান।
বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করা হয়। তিনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, দুর্নীতি, অর্থপাচার এবং ব্যাংকিং খাতের নানা অনিয়ম নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে জাতীয় সংকট মোকাবিলায় জনসম্পৃক্ত রাজনৈতিক উদ্যোগ এবং জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়েও সমালোচনা করে খেলাফত মজলিসের আমির বলেন, বাজেটে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের জন্য কার্যকর ও সুস্পষ্ট পরিকল্পনার ঘাটতি রয়েছে। বড় অঙ্কের বাজেট ঘাটতি ভবিষ্যতে জনগণের ওপর বাড়তি অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।
এ ছাড়া রাষ্ট্রীয়ভাবে মদ উৎপাদন ও বিপণনের অনুমোদন এবং জুয়াসংক্রান্ত কার্যক্রমের বিরোধিতা করে তিনি সরকারকে নৈতিক অবক্ষয় রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
বৈঠকে দলের শীর্ষ পর্যায়ের একাধিক নেতা বক্তব্য দেন। সভা পরিচালনা করেন দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। নেতারা ঘোষিত কর্মসূচি সফল করতে সংগঠনের নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।