Monday, June 15, 2026

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট


ফাইল ছবিঃ হাইকোর্ট (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের সরকারি সিদ্ধান্তের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। সোমবার (১৫ জুন) সুপ্রিম কোর্টে আইনজীবী অ্যাডভোকেট ইউনূছ আলী আকন্দ এ রিট দায়ের করেন।

রিটে হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এই আইনি পদক্ষেপের সঙ্গে তাদের সরাসরি কোনো সম্পৃক্ততা নেই।

এর আগে গত ১১ জুন স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষকে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে আপিল করার সুযোগ দেওয়া হয়।

সম্প্রতি হাসপাতালটিকে ঘিরে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়, যখন গত ২৭ মে ভোরে পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যু ঘটে। নবজাতকদের বয়স ছিল এক থেকে তিন দিনের মধ্যে। ঘটনাটি জনমনে উদ্বেগ সৃষ্টি করে এবং চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে নানা প্রশ্নের জন্ম দেয়।

নবজাতকদের মৃত্যুর ঘটনায় অবহেলার অভিযোগ এনে রমনা থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলাটি করেন মৃত এক নবজাতকের বাবা হাবিবুর রহমান। এরপর বিষয়টি তদন্তে স্বাস্থ্য মন্ত্রণালয় দ্রুত একটি তিন সদস্যের কমিটি গঠন করে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল, তদন্ত কমিটি ঘটনাটির কারণ অনুসন্ধান করে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবে। সেই তদন্তের প্রেক্ষাপটেই পরবর্তীতে হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এদিকে আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, হাইকোর্টে দায়ের করা রিটের সঙ্গে হাসপাতাল প্রশাসনের কোনো সম্পর্ক নেই। এটি একজন আইনজীবীর ব্যক্তিগত উদ্যোগে করা হয়েছে বলে তিনি দাবি করেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন