- ১১ আগস্ট, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
দেশে বাংলা কিউআর কোডের মাধ্যমে ডিজিটাল লেনদেন আরও সহজ ও জনপ্রিয় করতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে বাংলা কিউআরভিত্তিক লেনদেনে কোনো মার্চেন্ট ফি নেওয়া হবে না। একই সঙ্গে ছোট ও প্রান্তিক ব্যবসায়ীদের ডিজিটাল লেনদেনে উৎসাহিত করতে ২ হাজার টাকা পর্যন্ত প্রতিটি লেনদেনের বিপরীতে প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (১০ আগস্ট) এ বিষয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনায় বলা হয়েছে, বাংলা কিউআর ব্যবস্থার আওতায় মার্চেন্টসহ অর্থ পরিশোধ ব্যবস্থার সঙ্গে যুক্ত বিভিন্ন প্রতিষ্ঠান নির্ধারিত হারে আর্থিক প্রণোদনা পাবে। এর ফলে ডিজিটাল পেমেন্ট গ্রহণকারী ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য লেনদেনের খরচ কমবে এবং একই সঙ্গে তাদের এ ধরনের প্রযুক্তি ব্যবহারে আগ্রহ বাড়বে বলে আশা করা হচ্ছে।
প্রণোদনার কাঠামো অনুযায়ী, প্রতি ১০০ টাকা লেনদেনের বিপরীতে সংশ্লিষ্ট ‘অ্যাকোয়ারিং’ প্রতিষ্ঠানকে ১০ পয়সা এবং ‘ইস্যুয়িং’ প্রতিষ্ঠানকে ২০ পয়সা দেওয়া হবে।
কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানিয়েছে, দেশের ক্ষুদ্র ও প্রান্তিক পণ্য ও সেবা বিক্রেতাদের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার আওতায় আনার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে ছোট দোকান, ব্যবসা প্রতিষ্ঠান ও সেবাদাতাদের জন্য বাংলা কিউআরভিত্তিক লেনদেন আরও সুবিধাজনক করে তোলার মাধ্যমে নগদ অর্থের ওপর নির্ভরতা কমাতে চায় বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা মনে করছেন, মার্চেন্ট ফি বাতিল এবং প্রণোদনার ব্যবস্থা চালু হলে ছোট ব্যবসায়ীদের মধ্যে বাংলা কিউআর ব্যবহারের প্রবণতা বাড়তে পারে। এতে একদিকে ডিজিটাল লেনদেনের পরিধি বাড়বে, অন্যদিকে দেশের সামগ্রিক অর্থনীতিতে আনুষ্ঠানিক ও প্রযুক্তিনির্ভর লেনদেনের অংশগ্রহণ আরও শক্তিশালী হবে।
বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্তকে দেশের ডিজিটাল পেমেন্ট অবকাঠামো সম্প্রসারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। নতুন সুবিধাগুলো বাস্তবায়নের মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ীদের দৈনন্দিন লেনদেন আরও দ্রুত, সহজ ও সাশ্রয়ী করার পাশাপাশি ডিজিটাল অর্থনীতির ভিত্তি আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।