Tuesday, August 11, 2026

সাকিব ভালো খেলোয়াড়, কিন্তু মানুষ হিসেবে ‘নষ্ট ও পচে যাওয়া’: তথ্য উপদেষ্টা


ফাইল ছবিঃ প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে কড়া মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, সাকিব একজন ভালো ক্রিকেটার হলেও মানুষ হিসেবে তিনি ‘নষ্ট ও পচে যাওয়া’।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সাকিব আল হাসান দেশে ফিরতে চাইলে তাকে নিরাপত্তা দেওয়া হবে জানিয়ে জাহেদ উর রহমান বলেন, দেশে ফেরার পর তাকে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। তবে বিচারিক কার্যক্রমে তার সব ধরনের আইনগত অধিকার নিশ্চিত করা হবে।

তিনি বলেন, সাকিব দেশে ফিরলে যেমন নিরাপত্তা পাবেন, একইভাবে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দেশে ফিরলে নিরাপত্তার সঙ্গে বিচারিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

তথ্য উপদেষ্টা বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে যত গুরুতর অভিযোগই থাকুক না কেন, বিচার হবে আইনের মাধ্যমে। আদালত যে সিদ্ধান্ত দেবেন, সংশ্লিষ্ট সবাইকে তা মেনে নিতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান বাংলাদেশ কোনো ‘ফ্যাসিস্ট আমল’ নয়; এটি একটি গণতান্ত্রিক রাষ্ট্র। ফলে অভিযুক্ত ব্যক্তি যেই হোন না কেন সাকিব আল হাসান কিংবা শেখ হাসিনা তারা নাগরিক ও সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হবেন না।

জাহেদ উর রহমানের ভাষ্য, গুরুতর অপরাধের অভিযোগ থাকা ব্যক্তির ক্ষেত্রেও আইনি প্রক্রিয়া ও ন্যায়বিচারের মৌলিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আদালতের বিচারিক সিদ্ধান্তের মাধ্যমেই শেষ পর্যন্ত অভিযোগের নিষ্পত্তি হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন