Tuesday, August 11, 2026

মেহেরপুর সীমান্তে বাংলাদেশিকে ধরে নিল বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে আটক


ছবিঃ এক বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ায় দুই ভারতীয়কে আটক করল গ্রামবাসী (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্ত থেকে এক বাংলাদেশি কৃষককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এর পরপরই সীমান্ত এলাকায় কৃষিকাজ করার সময় দুই ভারতীয় নাগরিককে আটক করে বিজিবির কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে ইছাখালী সীমান্তে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইছাখালী গ্রামের মৃত নুর আহমেদের ছেলে আব্দুল মান্নান (৬০) সীমান্ত পিলার ১২৪/৩-এর কাছাকাছি নিজের জমিতে কৃষিকাজ করতে যান। সেখানে কাজ করার সময় ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার তেহট্ট থানার আওতাধীন ৫৬ বিএসএফ ব্যাটালিয়নের নবচন্দ্রপুর ক্যাম্পের একটি টহল দল তাকে আটক করে ভারতীয় ভূখণ্ডে নিয়ে যায় বলে স্থানীয়রা জানান।

মান্নানকে ধরে নিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে তার স্বজন ও স্থানীয় কয়েকজন সীমান্ত এলাকায় খোঁজ নিতে শুরু করেন। একপর্যায়ে তারা সীমান্তের কাছাকাছি কৃষিকাজরত দুই ভারতীয় নাগরিককে আটক করেন। আটক ব্যক্তিরা হলেন শচীন দাস (৬৫) ও নরোত্তম বিশ্বাস (৩৫)।

পরে স্থানীয়রা ওই দুই ভারতীয় নাগরিককে ইছাখালী বিজিবি ক্যাম্পে নিয়ে গিয়ে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।

এ বিষয়ে ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে যোগাযোগ হয়েছে। মঙ্গলবার দুপুরে দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে।

তিনি বলেন, পতাকা বৈঠকের মাধ্যমে আব্দুল মান্নানকে বাংলাদেশে ফিরিয়ে আনার পাশাপাশি আটক দুই ভারতীয় নাগরিককেও তাদের দেশের কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

সীমান্তবর্তী এলাকার বাসিন্দা ও কৃষকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিজিবির এই কর্মকর্তা বলেন, কৃষিকাজসহ কোনো প্রয়োজনে যেন কেউ ভুল করে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ না করেন। সীমান্ত এলাকায় চলাচলের সময় সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন