- ০৯ আগস্ট, ২০২৬
PNN নিউজ ডেস্ক। মৌলভীবাজার
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরইছড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তারা মিয়া (২০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
শনিবার (৮ আগস্ট) রাতে উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্তের ভারতের মাগুরুলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তারা মিয়া মুরইছড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।
রোববার (৯ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন ৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তের প্রায় ৫০০ গজ ভারতের ভেতরে তারা মিয়াসহ চার থেকে পাঁচজন বাংলাদেশি যুবক প্রবেশ করেছিলেন। এ সময় বিএসএফের একটি টহল দল তাদের গতিরোধের চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
একপর্যায়ে বিএসএফ সদস্যরা গুলি চালালে তারা মিয়া ঘটনাস্থলেই নিহত হন বলে জানিয়েছে বিজিবি। গুলির পর তার সঙ্গে থাকা অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে বাংলাদেশে ফিরে আসেন।
৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, নিহত যুবকের বিরুদ্ধে কুলাউড়া থানায় চোরাচালানের একটি মামলা রয়েছে। তবে ঘটনার বিষয়ে আরও বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।
বিজিবি জানিয়েছে, সীমান্তে সংঘটিত এ ঘটনার প্রকৃত পরিস্থিতি জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পাশাপাশি ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য তথ্যও যাচাই করা হচ্ছে।