- ১৯ মে, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
দীর্ঘ বিরতির পর পুনরায় চালু হওয়া প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল নির্ধারিত সময়ে প্রকাশ করা সম্ভব হচ্ছে না। আগামী ২১ মে ফল প্রকাশের পরিকল্পনা থাকলেও তা পিছিয়ে জুনের প্রথম সপ্তাহে প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
মঙ্গলবার অধিদপ্তরের প্রশাসন বিভাগের উপ-পরিচালক এ. এস. এম. সিরাজুদ্দোহা গণমাধ্যমকে জানান, ফল প্রকাশের প্রস্তুতি চললেও নির্ধারিত দিনে তা সম্ভব হচ্ছে না। ঈদের পর ফল প্রকাশ করা হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
চলতি বছরের প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয় গত ১৪ এপ্রিল এবং শেষ হয় ১৮ এপ্রিল। প্রায় দেড় যুগ পর আবারও এই পরীক্ষা আয়োজন করায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পরীক্ষার আগে পূর্ণাঙ্গ নীতিমালা ও রুটিন প্রকাশ করে। এতে পরীক্ষাকেন্দ্র পরিচালনা, আচরণবিধি এবং বিশেষ নির্দেশনাসহ বিভিন্ন বিষয় উল্লেখ করা হয়।
রুটিন অনুযায়ী, বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে পার্বত্য তিন জেলা—রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে পরীক্ষার সময়সূচিতে কিছু পরিবর্তন রাখা হয়েছিল।
নীতিমালায় বলা হয়েছে, ট্যালেন্টপুল ও সাধারণ—এই দুই ক্যাটাগরিতে বৃত্তি দেওয়া হবে। মেধাতালিকায় ছাত্র ও ছাত্রীদের সমান সংখ্যায় নির্বাচন করা হবে। এছাড়া মোট বৃত্তির ৮০ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এবং বাকি ২০ শতাংশ বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকবে।
প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন পর বৃত্তি পরীক্ষা ফিরে আসায় শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব ও পড়াশোনার আগ্রহ বাড়বে বলে আশা করা হচ্ছে।