Tuesday, July 21, 2026

পল্লবীর শিশু হত্যা মামলায় দ্রুত বিচার দাবি শফিকুর রহমানের


ছবিঃ রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে শফিকুর রহমান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

রাজধানীর পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার আলোচিত ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, এ মামলার বিচার নিয়ে কোনো ধরনের দীর্ঘসূত্রতা বা ‘তামাশা’ দেখতে চান না এবং বিচার প্রক্রিয়ার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে বিচার বিভাগের কার্যকর ভূমিকা প্রয়োজন।

সোমবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন শিশুটির বাবাকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। পবিত্র হজ পালন শেষে দেশে ফিরে বিমানবন্দর থেকে সরাসরি হাসপাতালে যান তিনি।

শফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়িয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে বিচার সম্পন্নের যে আশ্বাস দিয়েছেন, জনগণ তার বাস্তবায়ন দেখতে চায়। তিনি আশা প্রকাশ করেন, প্রতিশ্রুত সময়সীমার মধ্যেই বিচারিক কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব হবে।

তার মতে, বিচার বিভাগ আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে কাজ করলে দ্রুত বিচার সম্পন্ন করা অসম্ভব নয়। বিচারিক আদালতের রায় দ্রুত হওয়ার পাশাপাশি উচ্চ আদালতেও প্রয়োজনীয় প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা, অনিয়ম এবং নানা ধরনের প্রভাব বিস্তারের কারণে সাধারণ মানুষের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, বিচার বিভাগের উচিত সেই অবস্থা থেকে বেরিয়ে এসে নিরপেক্ষ ও কার্যকর বিচার নিশ্চিত করা।

তিনি আরও বলেন, বিচারকে বিলম্বিত বা ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে নানা ধরনের কৌশল বা ষড়যন্ত্র হতে পারে। এ ধরনের প্রচেষ্টার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

একই সঙ্গে আত্মস্বীকৃত অপরাধীদের পক্ষে অবস্থান না নিতে আইনজীবীদের প্রতিও আহ্বান জানান শফিকুর রহমান। তার ভাষ্য, গুরুতর অপরাধের ক্ষেত্রে ন্যায়বিচার প্রতিষ্ঠাই হওয়া উচিত সবার প্রধান লক্ষ্য। এ সময় তার সঙ্গে জামায়াতের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের কয়েকজন নেতাও উপস্থিত ছিলেন।

পল্লবীর শিশু হত্যা মামলাটি ইতোমধ্যে দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও মানবাধিকার সংগঠন দ্রুত বিচার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে আসছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন