Friday, September 25, 2026

পাঁচদোনায় অটোরিকশা-কার্ভাডভ্যান সংঘর্ষে নিহত ২


ছবিঃ সড়ক দুর্ঘটনা (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। নরসিংদী

নরসিংদীর পাঁচদোনায় যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও একটি কার্ভাডভ্যানের সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে পাঁচদোনা-টঙ্গী সড়কের ভাটপাড়া বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন নরসিংদী সদর উপজেলার চরদিঘলদী ইউনিয়নের অন্তরামপুর এলাকার খোরশেদ আলমের ছেলে সাইদুল ইসলাম (২২) এবং আশুলিয়ার মাতাইল দক্ষিণপাড়া এলাকার হারিস মোল্লার ছেলে নুর উদ্দিন।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সকালে গাজীপুর থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা নরসিংদীর দিকে যাচ্ছিল। সকাল ৯টার দিকে অটোরিকশাটি ভাটপাড়া এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি যানকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কার্ভাডভ্যানের পেছনের অংশের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়।

সংঘর্ষের পর অটোরিকশার দুই যাত্রী গুরুতর আহত হন। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত অপর যাত্রীকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

দুর্ঘটনার খবর পেয়ে মাধবদী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে অটোরিকশার চালককে হেফাজতে নেওয়া হয়েছে।

মাধবদী থানার উপপরিদর্শক (এসআই) মো. জসিম জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন