Friday, May 15, 2026

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগে কমছে ঢাবি শিক্ষকদের একচেটিয়া প্রভাব


প্রতিকি ছবিঃ ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের লোগো (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নিয়োগে দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়–এর শিক্ষকদের প্রাধান্য থাকলেও সাম্প্রতিক সময়ে সেই প্রবণতায় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। নতুন নিয়োগ বিশ্লেষণে দেখা গেছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এখন নিজস্ব ক্যাম্পাস কিংবা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) সূত্রে জানা গেছে, বর্তমানে দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৫৮টি। এসব বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত, প্রকৌশল, সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি, মেডিকেল, কৃষি ও বিশেষায়িত—এই সাত শ্রেণিতে বিভক্ত। এর মধ্যে সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংখ্যাই সবচেয়ে বেশি।

এক সময় এসব বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারারের মতো প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপকদের আধিপত্য স্পষ্ট ছিল। তবে গত কয়েক বছরে সেই চিত্রে পরিবর্তন এসেছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে সরকার পরিবর্তনের পর একাধিক ধাপে ২০টির বেশি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ দেওয়া হয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় একসঙ্গে ১১টি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দেয়। বিশ্লেষণে দেখা গেছে, নতুন নিয়োগ পাওয়া ১১ জনের মধ্যে মাত্র দুজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।

এর আগে একযোগে নিয়োগ পাওয়া ৯ ভিসির মধ্যে তিনজন ছিলেন ঢাবির অধ্যাপক। সব মিলিয়ে সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একক প্রভাব আগের তুলনায় অনেকটাই কমেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তথ্য অনুযায়ী, দেশে প্রায় ২০টি সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকাংশে ইতোমধ্যে নতুন ভিসি নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে মাত্র ছয়টি বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ভিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন। অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে নিজস্ব ক্যাম্পাস বা ভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়োগ দেওয়া হয়েছে।

সরকার গঠনের এক মাস পর গত ১৬ মার্চ একযোগে ৯টি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ দেওয়া হয়। পরে আলাদাভাবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়–এও নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়। সর্বশেষ ১৪ মে আরও ১১টি বিশ্ববিদ্যালয়ে নতুন নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়। যদিও এর মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়–এর ভিসি নিয়োগের প্রজ্ঞাপন পরে বাতিল করা হয়।

স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে সাধারণত নিজস্ব ক্যাম্পাস থেকেই ভিসি নিয়োগের রীতি রয়েছে। সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই ধারাই অনুসরণ করা হয়েছে।

অন্যদিকে প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়–এ নিজস্ব ক্যাম্পাসের শিক্ষকদের ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বিশেষায়িত বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রেও ভিন্ন চিত্র দেখা গেছে। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয় এবং এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়–এ সংশ্লিষ্ট পেশাগত ও সামরিক পটভূমির ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হয়েছে।

একসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়–এর মতো প্রতিষ্ঠানে ঢাবির শিক্ষকদের ভিসি হিসেবে নিয়োগ দেওয়ার প্রবণতা ছিল বেশি। বর্তমানে সেই ধারা থেকে সরে এসে বিভিন্ন ক্যাম্পাসের শিক্ষকদের সুযোগ দেওয়া হচ্ছে।

এদিকে দেশের সাতটি কৃষি বিশ্ববিদ্যালয়ের কোনোটিতেই এখনো নতুন ভিসি নিয়োগ দেওয়া হয়নি। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এসব বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বর্তমান ভিসিই সরকারঘনিষ্ঠ হওয়ায় আপাতত সেখানে পরিবর্তনের সম্ভাবনা কম।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ভিসি নিয়োগকে কেন্দ্র করে বিভিন্ন মহলের প্রভাব কাজ করছে। অনেক ক্ষেত্রে দলীয় পরিচয়ের পাশাপাশি নিজস্ব পছন্দ ও অভ্যন্তরীণ সমীকরণও নিয়োগ প্রক্রিয়ায় প্রভাব ফেলছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন