Friday, May 15, 2026

ছয় বছর পর আবারও কলেজ র‍্যাঙ্কিং প্রকাশ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়


প্রতিকি ছবিঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

দীর্ঘ ছয় বছর বিরতির পর আবারও কলেজ র‍্যাঙ্কিং কার্যক্রম শুরু করতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। নির্ধারিত কর্মদক্ষতা সূচক বা কেপিআইয়ের ভিত্তিতে অধিভুক্ত সরকারি ও বেসরকারি অনার্স কলেজগুলোর কার্যক্রম মূল্যায়ন করে জাতীয় ও বিভাগীয় পর্যায়ে সেরা কলেজ নির্বাচন করা হবে।

বৃহস্পতিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, “বিশ্ববিদ্যালয় কলেজ র‍্যাঙ্কিং ২০২৫” শীর্ষক এই কার্যক্রমের আওতায় জাতীয় পর্যায়ে ৮টি এবং বিভাগীয় পর্যায়ে প্রতিটি বিভাগ থেকে ১০টি করে মোট ৮৮টি কলেজ নির্বাচন করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ের কেপিআই-সংক্রান্ত তথ্য নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে জমা দিতে হবে। কলেজগুলোকে নিজস্ব কোড ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করে তথ্য ছক পূরণ ও জমা দিতে হবে আগামী ১৮ জুন ২০২৬-এর মধ্যে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষদের নির্দেশনা দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচিত কলেজগুলোর তালিকা গণমাধ্যমে প্রকাশ করা হবে। পাশাপাশি জাতীয় পর্যায়ে আনুষ্ঠানিক আয়োজনের মাধ্যমে সেরা কলেজগুলোকে সম্মাননা ও পুরস্কার দেওয়া হবে।

এর আগে সর্বশেষ ২০১৮ সালে কলেজ র‍্যাঙ্কিং প্রকাশ করেছিল জাতীয় বিশ্ববিদ্যালয়। সে সময় ৮৮১টি কলেজ থেকে আবেদন নেওয়া হলেও চূড়ান্ত মূল্যায়নে জাতীয় পর্যায়ে ৮টি এবং বিভাগভিত্তিক ৭৬টি কলেজ সেরা হিসেবে নির্বাচিত হয়েছিল।

২০১৮ সালের মূল্যায়নে দেশসেরা কলেজ হিসেবে নির্বাচিত হয়েছিল রাজশাহী কলেজ।

ঢাকা অঞ্চলে সেরা কলেজের তালিকায় ছিল ঢাকা কমার্স কলেজ, তেজগাঁও কলেজ ও আদমজী ক্যান্টনমেন্ট কলেজ।

চট্টগ্রাম অঞ্চলে স্থান পেয়েছিল চট্টগ্রাম সরকারি কলেজ, সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ ও ফেনী সরকারি কলেজ।

রাজশাহী অঞ্চলে নির্বাচিত কলেজগুলোর মধ্যে ছিল সরকারি এডওয়ার্ড কলেজ ও সরকারি আজিজুল হক কলেজ।

খুলনা অঞ্চলের তালিকায় ছিল সরকারি ব্রজলাল (বিএল) কলেজ, সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ এবং যশোর ক্যান্টনমেন্ট কলেজ।

এ ছাড়া বরিশাল অঞ্চলে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ, সিলেট অঞ্চলে মুরারিচাঁদ কলেজ (এমসি কলেজ) এবং রংপুর অঞ্চলে কারমাইকেল কলেজ সেরা কলেজগুলোর মধ্যে ছিল।

শিক্ষাবিদদের মতে, কলেজ র‍্যাঙ্কিং কার্যক্রম চালুর ফলে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা বাড়বে এবং শিক্ষার মান উন্নয়নে নতুন গতি আসবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন