Tuesday, April 21, 2026

অ্যাপলের নতুন নেতৃত্ব ঘোষণা: জন টারনাস হচ্ছেন পরবর্তী প্রধান নির্বাহী


ফাইল ছবিঃ টিম কুক (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

প্রযুক্তি জায়ান্ট আপেল তাদের দীর্ঘদিনের হার্ডওয়্যার প্রধান জন টারনাস-কে পরবর্তী প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে মনোনীত করেছে। চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে তিনি দায়িত্ব গ্রহণ করবেন। বর্তমান সিইও টিম কুক দায়িত্ব ছাড়লেও কোম্পানির নির্বাহী চেয়ারম্যান হিসেবে থেকে যাবেন।

প্রতিষ্ঠানটির বিবৃতিতে বলা হয়েছে, দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তি বিশ্ব—বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা—মোকাবিলায় অভ্যন্তরীণ অভিজ্ঞ নেতৃত্বের ওপর ভরসা রাখছে অ্যাপল। ২০০১ সালে অ্যাপলে যোগ দেওয়া টারনাস প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ পণ্য উন্নয়নে দীর্ঘদিন ধরে ভূমিকা রেখে আসছেন। ম্যাক কম্পিউটারের পুনরুজ্জীবনসহ আইপ্যাড ও এয়ারপডসের মতো পণ্যের উন্নয়নে তার সক্রিয় অংশগ্রহণ ছিল।

বিশ্লেষকদের মতে, নতুন সিইও হিসেবে টারনাসের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে অ্যাপলের অবস্থান শক্ত করা। প্রতিযোগী প্রতিষ্ঠানগুলো যখন দ্রুতগতিতে এআইভিত্তিক পণ্য বাজারে আনছে, তখন অ্যাপল তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি গুগল-এর সঙ্গে অংশীদারত্ব করে তাদের ভার্চুয়াল সহকারী সিরি উন্নত করার উদ্যোগ নিয়েছে, যেখানে জেমিনি প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

একসময় বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানির শীর্ষে থাকা অ্যাপল বর্তমানে সেই অবস্থান হারিয়েছে এনভিডিয়া-এর কাছে। ফলে বিনিয়োগকারীদের মধ্যে উদ্ভাবন নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে এআইভিত্তিক নতুন পণ্যে অ্যাপলের সাফল্য এখনো প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি।

এদিকে, প্রতিযোগিতায় টিকে থাকতে অ্যাপলকে নতুন হার্ডওয়্যার উদ্ভাবনের দিকেও নজর দিতে হবে। ইতোমধ্যে মেটা প্ল্যাটফর্ম-এর অগমেন্টেড রিয়েলিটি চশমা জনপ্রিয়তা পেয়েছে, যা অ্যাপলের উচ্চমূল্যের ভিশন প্রো হেডসেটের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।

বিশেষজ্ঞরা বলছেন, টারনাসের নেতৃত্বে অ্যাপল ভবিষ্যতে ভাঁজযোগ্য ফোন, স্মার্ট গ্লাস, ভার্চুয়াল রিয়েলিটি ডিভাইস এবং এআই-নির্ভর নতুন পণ্যের দিকে বেশি গুরুত্ব দিতে পারে।

অন্যদিকে, টিম কুকের নেতৃত্বে গত এক দশকের বেশি সময়ে অ্যাপল ব্যাপক আর্থিক সাফল্য অর্জন করেছে। ২০১১ সালে দায়িত্ব নেওয়ার পর থেকে কোম্পানির বাজারমূল্য বহুগুণ বৃদ্ধি পেয়েছে। সরবরাহ ব্যবস্থাপনায় দক্ষতা এবং বৈশ্বিক উৎপাদন কাঠামো গড়ে তোলার মাধ্যমে তিনি অ্যাপলকে নতুন উচ্চতায় পৌঁছে দেন।

নতুন নেতৃত্ব পরিবর্তনের এই সময়টিকে প্রযুক্তি খাতের জন্য গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তাদের মতে, ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন প্রজন্মের হার্ডওয়্যার উদ্ভাবনই নির্ধারণ করবে অ্যাপলের সাফল্যের গতি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন