Sunday, May 24, 2026

অস্তিত্ব সংকটে জাতীয় পার্টি, ভবিষ্যৎ রাজনীতি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা


প্রতীকী ছবিঃ জাতীয় পার্টির লোগো (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

একসময় দেশের রাজনীতিতে তৃতীয় শক্তি হিসেবে পরিচিত জাতীয় পার্টি (জাপা) এখন অস্তিত্ব সংকটে পড়েছে। আওয়ামী লীগের সঙ্গে দীর্ঘ রাজনৈতিক সখ্য, বিতর্কিত নির্বাচনে অংশগ্রহণ, নেতৃত্বের দ্বন্দ্ব ও ধারাবাহিক ভাঙনের কারণে দলটির সাংগঠনিক ভিত্তি দুর্বল হয়ে পড়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে কোনো আসনে জয় না পাওয়ায় দলটির ভবিষ্যৎ নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নব্বইয়ের গণ–অভ্যুত্থানের পরও জাতীয় পার্টি টিকে থাকলেও সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর দলটির অবস্থান সবচেয়ে বেশি নড়বড়ে হয়ে পড়েছে। বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০০ আসনে প্রার্থী দিয়েও কোনো আসনে জয়ী হতে না পারা দলটির সাংগঠনিক দুর্বলতাকে স্পষ্ট করেছে।

একসময় জাতীয় পার্টির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত রংপুর অঞ্চলেও এবার ভরাডুবি হয়েছে। রংপুর-৩ আসনে দলের চেয়ারম্যান জি এম কাদের তৃতীয় অবস্থানে থাকেন। এতে দলটির ঐতিহ্যগত ভোটব্যাংকেও বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার রাজনীতি জাতীয় পার্টির ভাবমূর্তিকে বড় ধরনের ক্ষতির মুখে ফেলে। সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করলেও কার্যকর বিরোধিতা না করায় দলটি সাধারণ ভোটারদের আস্থা হারিয়েছে।

এদিকে দীর্ঘদিন ধরেই দলটির ভেতরে নেতৃত্ব নিয়ে বিরোধ চলছে। প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ–এর মৃত্যুর পর রওশন এরশাদ ও জি এম কাদেরের অনুসারীদের মধ্যে বিভক্তি আরও প্রকট হয়। পরে কয়েকজন শীর্ষ নেতা আলাদা অবস্থান নেওয়ায় সংগঠনের ভেতরে বিভ্রান্তি তৈরি হয়।

জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী দাবি করেছেন, সাম্প্রতিক নির্বাচনে দলটিকে পরিকল্পিতভাবে কোণঠাসা করা হয়েছে। তাঁর মতে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হলে জাতীয় পার্টি আবারও ঘুরে দাঁড়াতে সক্ষম হবে।

অন্যদিকে দলের সাবেক মহাসচিব মুজিবুল হক চুন্নু মনে করেন, বর্তমান নেতৃত্বের অধীনে দলটির পুনরুত্থানের সম্ভাবনা খুবই কম। তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ রাজনীতির কারণেই জাতীয় পার্টি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, সংগঠন পুনর্গঠন, নতুন নেতৃত্ব তৈরি এবং জনভিত্তিক রাজনীতিতে ফিরে না গেলে জাতীয় পার্টির জন্য ভবিষ্যতে বড় রাজনৈতিক শক্তি হিসেবে টিকে থাকা কঠিন হবে। বর্তমানে দেশের রাজনৈতিক অঙ্গনে দলটিকে ছোট দল হিসেবেই দেখা হচ্ছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন