- ২৪ মে, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
পর্তুগালের রাজধানী লিসবনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. আকতার হোসেনের ওপর হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শনিবার ভোরে ভিডিওটি ফেসবুকে ভাইরাল হলে বিষয়টি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আলোচনা শুরু হয়।
ভিডিওটি ঠিক কবে ধারণ করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে বাংলাদেশ সময় শনিবার সকাল নয়টার দিকে আকতার হোসেনের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে হামলার অভিযোগ করা হয়।
ওই পোস্টে তিনি দাবি করেন, পর্তুগাল এনসিপির দায়িত্বশীলদের সঙ্গে একটি বৈঠক শেষে বের হওয়ার পর ছাত্রলীগের কয়েকজন কর্মী তাঁর ওপর অতর্কিত হামলা চালান।
ভিডিওতে দেখা যায়, একটি পার্কে কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন আকতার হোসেন। এ সময় হঠাৎ এক যুবক এসে তাঁর দিকে ডিম ছুড়ে মারেন। পরে আরও কয়েকজন একইভাবে তাঁকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তাঁকে ধাক্কাধাক্কি ও মারধরের ঘটনাও ঘটে। পরে তিনি দ্রুত স্থান ত্যাগ করেন।
পর্তুগালপ্রবাসী কয়েকজন বাংলাদেশি জানান, গত সপ্তাহে ব্যক্তিগত সফরে লিসবনে যান আকতার হোসেন। সেখানে একটি পার্কে অবস্থানকালে তাঁর ওপর এ হামলার ঘটনা ঘটে বলে তারা জানতে পেরেছেন।
ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে গণমাধ্যমের পক্ষ থেকে আকতার হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাঁর বক্তব্য পাওয়া যায়নি। একইভাবে অভিযুক্ত হিসেবে যাদের নাম এসেছে, সেই ছাত্রলীগ–সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গেও যোগাযোগ সম্ভব হয়নি।
এদিকে এনসিপি সিলেট মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক আবু সাদেক মো. খাইরুল ইসলাম চৌধুরী বলেন, ভিডিওটি তিনি দেখেছেন এবং এটি উদ্বেগজনক। তাঁর অভিযোগ, পর্তুগালে অবস্থানরত কিছু ছাত্রলীগকর্মী পরিকল্পিতভাবে আকতার হোসেনের ওপর হামলা চালিয়েছে।
ঘটনার পর শনিবার দুপুরে এনসিপি সিলেট জেলা শাখার পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়। এতে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দেশে-বিদেশে অবস্থানরত দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়।