Sunday, May 24, 2026

জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছে সরকার: মিয়া গোলাম পরওয়ার


ফাইল ছবিঃ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। বরিশাল  

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, নতুন সরকার ও সংসদ নিয়ে জনগণের যে প্রত্যাশা ছিল, সংসদের প্রথম অধিবেশনেই তাতে ভাটা পড়েছে। তিনি বলেন, সরকার জনমতের প্রতিফলন ঘটানোর পরিবর্তে উল্টো জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে।

শনিবার বরিশাল মহানগর জামায়াত আয়োজিত দুই দিনব্যাপী রুকন শিক্ষা শিবিরের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটে জনগণের বড় অংশ যে মতামত দিয়েছে, সরকার তা উপেক্ষা করে রাজনৈতিক অস্থিরতা তৈরি করেছে। তাঁর দাবি, সরকারের বিভিন্ন সিদ্ধান্তের কারণে রাজনৈতিক সংকট আরও গভীর হচ্ছে এবং জনপ্রতিনিধিদের জনগণ থেকে বিচ্ছিন্ন করে ফেলছে।

তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে বিএনপি একদলীয় শাসনের দিকে এগোচ্ছে। তাঁর ভাষায়, পূর্ববর্তী শাসনামলে প্রণীত সংবিধানকে অক্ষুণ্ন রেখে বর্তমান সরকার ক্ষমতার ভারসাম্যহীন কাঠামো টিকিয়ে রাখতে চাইছে, যেখানে প্রধানমন্ত্রীর হাতে অতিরিক্ত ক্ষমতা কেন্দ্রীভূত রয়েছে।

জামায়াতের এই নেতা আরও বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে যে পরিবর্তনের প্রত্যাশা তৈরি হয়েছিল, সরকার ক্ষমতায় এসে তা বাস্তবায়নে ব্যর্থ হচ্ছে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ এককভাবে প্রধানমন্ত্রীর হাতে থাকলে দলীয়করণ বাড়বে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, জামায়াতে ইসলামী সহিংস রাজনীতিতে বিশ্বাস করে না বলেই তারা নির্বাচনের ফলাফল মেনে নিয়েছে। তবে সরকার জনগণের মতামতকে গুরুত্ব না দিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে সতর্ক করেন তিনি।

আগামী ৭ জুন শুরু হতে যাওয়া বাজেট অধিবেশনের প্রসঙ্গ তুলে মিয়া গোলাম পরওয়ার আশা প্রকাশ করেন, সরকার সেখানে গণভোট–সংক্রান্ত বিল উত্থাপন ও পাস করবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল মহানগর জামায়াতের আমির মাওলানা জহির উদ্দিন মু. বাবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াযয্ম হোসাইন (হেলাল), কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য শফিকুল ইসলাম (মাসুদ)সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন