- ২৪ মে, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সংসদের একাংশের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দুর্জয় রায় এবং সাধারণ সম্পাদক হয়েছেন মুহাম্মদ মোস্তাকিম।
‘নূতন মাটিতে আসে ফসলেরই কাল, আঁধার পেরিয়ে আসে আগামী সকাল’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হয় ছাত্র ইউনিয়নের ঢাবি সংসদের ৩৬তম সম্মেলন ও কাউন্সিল অধিবেশন। গত বৃহস্পতিবার শুরু হওয়া এ আয়োজনের শেষ দিনে শনিবার সর্বসম্মতিক্রমে ২৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
সম্মেলনের কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি মেঘমল্লার বসু। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক মাঈন আহমেদ। কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি তামজীদ হায়দার এবং সহসভাপতি আসিফ জামান।
কাউন্সিলের শুরুতে প্রয়াত সদস্যদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও অর্থ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করা হয়। পুরোনো কমিটি বিলুপ্তির পর বিষয় নির্বাচনী কমিটি গঠনের মাধ্যমে শুরু হয় নির্বাচনী অধিবেশন।
দীর্ঘ আলোচনা ও মতবিনিময়ের পর সর্বসম্মতিক্রমে দুটি পদ শূন্য রেখে নতুন কমিটি অনুমোদন করা হয়। নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করান বিদায়ী সভাপতি মেঘমল্লার বসু।
নতুন কমিটিতে সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মধুসূদন কর্মকার, অর্থী আনজুম, ফাতিন ইশরাক ও সাব্বির হোসেন। সহকারী সাধারণ সম্পাদক হয়েছেন ইসরাত জাহান, ফাহিম ইনতিসার ও জোবায়ের ইবনে ইমাম। এছাড়া সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মিশকাতুল মাশিয়াত।
নতুন নেতৃত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়নের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করবে বলে আশা প্রকাশ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।