- ২৪ মে, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ফরিদপুর
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বিআরটিসি বাস ও একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়েছেন। রোববার (২৪ মে) সকালে উপজেলার শংকরপাশা এলাকায় ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বালিয়া গ্রামের বাসিন্দা আলমগীর হোসেন (৫৮), তার ভাই জাহাঙ্গীর হোসেন (৬২), তাদের বাবা আব্দুল ওয়াহেদ মোল্যা, আলমগীরের স্ত্রী খুশি বেগম (৪৫) এবং জাহাঙ্গীরের স্ত্রী মাজেদা বেগম (৫০)। এছাড়া দুর্ঘটনায় নিহত হয়েছেন অ্যাম্বুলেন্স চালক কাউছার হোসেন (২২)। তিনি মাদারীপুর সদর এলাকার শাহজাহান মাতুব্বরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে ফরিদপুরগামী বিআরটিসি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন। সংঘর্ষের তীব্রতায় অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায় এবং সড়কে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। পরে নিহতদের মরদেহ উদ্ধার করা হয় এবং আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, “বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।”
এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই পরিবারের একাধিক সদস্যের মৃত্যুতে স্বজনদের আহাজারিতে হাসপাতাল ও বাড়ির পরিবেশ ভারী হয়ে ওঠে।