Sunday, May 24, 2026

কক্সবাজার আদালত চত্বরে প্রকাশ্যে গুলিবর্ষণ, আহত ১


ছবিঃ কক্সবাজার আদালত প্রাঙ্গণে গোলাগুলি (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। কক্সবাজার 

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত চত্বরে প্রকাশ্যে গোলাগুলির ঘটনায় মইন উদ্দিন (৩৫) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (২৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে আদালত ভবনের নিচে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই অস্ত্রসহ একজনকে আটক করেছে স্থানীয় জনতা।

আহত মইন উদ্দিনকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তি জিয়াউল হক (২৭) ঈদগাঁও থানার কালিরছড়া এলাকার বাসিন্দা। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আব্দু শুক্কুর ও মো. রুবেল নামে আরও দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, জেলা শ্রমিক লীগ সভাপতি জহিরুল ইসলাম হত্যা মামলায় হাজিরা দিতে আসা কয়েকজন আসামির সঙ্গে বিএনপি নেতা লিয়াকত আলী আদালতে উপস্থিত ছিলেন। শুনানি শেষে তারা আদালত ভবন থেকে নিচে নেমে গাড়িতে উঠার প্রস্তুতি নিলে হঠাৎ কয়েকজন অস্ত্রধারী তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে।

এ ঘটনায় আদালত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। উপস্থিত জনতা ধাওয়া দিয়ে একজনকে অস্ত্রসহ আটক করে গণধোলাইয়ের পর কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করে।

স্থানীয়দের ধারণা, বিএনপি নেতা লিয়াকত আলীকে লক্ষ্য করেই এ হামলা চালানো হয়েছে এবং এটি পূর্বপরিকল্পিত হত্যাচেষ্টার অংশ হতে পারে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলি বলেন, “গুলির ঘটনায় একজনকে অস্ত্রসহ আটক করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।”

স্থানীয় সূত্র আরও জানায়, এর আগেও নিজ বাড়িতে বিএনপি নেতা লিয়াকত আলীকে লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছিল। সাম্প্রতিক এ হামলার পর এলাকায় নতুন করে উদ্বেগ ও উত্তেজনা তৈরি হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন